মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)।
দিবসটির সূচনায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কোম্পানির প্রধান কার্যালয়সহ সকল স্থাপনায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পরবর্তীতে সকালবেলা চট্টগ্রামের ডিসি হিল প্রাঙ্গণে সমবেত হয়ে কেজিডিসিএলের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রভাতফেরিতে অংশগ্রহণ করেন।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ সালাউদ্দিন মহোদয়ের নেতৃত্বে প্রভাতফেরি শেষে কে. সি. দে রোডস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত সকলে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। পাশাপাশি, শহীদদের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে স্ব স্ব দায়িত্ব পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












