আনোয়ারা–কর্ণফুলী আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, শহীদ জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের মহানায়ক। তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে জীবনবাজি রেখে এ দেশের স্বাধীনতা ঘোষণা না করলে বাংলাদেশ কখনো স্বাধীন হত না। সে দিন শহীদ জিয়া মুক্তিযোদ্ধাদের একত্রিত করে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এ দেশ স্বাধীন করেছিল বলে বিশ্বের দরবারে বাংলাদেশ নামের রাষ্ট্রের জন্ম হয়েছে। আমি শহীদ জিয়াসহ স্বাধীনতা সংগ্রামের সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি শ্রদ্ধার সাথে আরও স্মরণ করছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। তিনি বিগত ফ্যাসীবাদী সরকারের জেল জুলুম অত্যাচার সহ্য করে এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে দেশের কোটি কোটি মানুষের মনে স্থান করে নিয়েছেন। তাঁর সাহসী ভূমিকা ধারণ ও লালন করে তারই সুযোগ্য পুত্র তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠনের এক মাসের মধ্যে সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তার পদক্ষেপ ইতিমধ্যে সারা দেশের প্রশংসিত হয়েছে। তিনি নির্বাচনী প্রতিশ্রুতির ফ্যামেলি কার্ড বাস্তবায়নসহ নানান পদক্ষেপ গ্রহণ করেছেন। সেই সাথে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করে আনোয়ারা–কর্ণফুলীর উন্নয়নে সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করছি। গত বৃহস্পতিবার দুপুরে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আনোয়ারা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) আইয়ুব খান রফিক। আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সরকার নির্ধারিত কর্মসূচি পালনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।












