ছাত্র–জনতার গণ অভ্যুত্থানে চট্টগ্রামে পুলিশের গুলিতে নিহত শহীদ জামালের মেয়ে তানিয়া আক্তার রুমির বিয়ের খরচ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ জপেল চাকমার পড়াশোনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের আর্থিক শুভেচ্ছা উপহার প্রদান করেছেন।
গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তারেক রহমানের পক্ষ থেকে বিশেষ এই উপহার তুলে দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ সময় শহীদ জামালের সহধর্মিণী তাসলিমা আক্তারের সাথে কথা বলেন এবং তার পরিবারের সার্বিক খোঁজ নেন। এছাড়া ব্লাড ক্যানসারে আক্রান্ত মার্জিয়া আক্তার মাইশার চিকিৎসা সহায়তা প্রদান করে ‘আমরা বিএনপি পরিবার’।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর উপ–প্রেস সচিব–১ জাহিদুল ইসলাম রনি। এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’–এর উপদেষ্টা মো. আবুল কাশেম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও সদস্য মাসুদ রানা লিটন।
অনুষ্ঠানে মীর হেলাল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবরই একজন সাদামাটা, মানবিক ও সহজ–সরল মানুষ। আর্তপীড়িত মানুষের সেবা করাই তার মূল ব্রত। দীর্ঘ সময় তার সাথে কাজ করার সুবাদে আমরা দেখেছি, তিনি সবসময় রাজনীতির সরল পথে চলেছেন এবং সেই আদর্শকে সমুন্নত রেখেই বাংলাদেশিদের অধিকার আদায়ে সফল হয়েছেন। মানুষের দোয়া ও তাঁর সততার কারণেই আজ তিনি দেশের প্রধানমন্ত্রীর আসনে আসীন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর হেলাল চব্বিশের অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ–খবর নেন এবং জপেল চাকমার জন্য মাসিক শিক্ষাবৃত্তি ঘোষণা করেন।












