‘শহরের নতুন অতিথি’

| বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ at ৭:৫৫ পূর্বাহ্ণ

ললনা’ গান দিয়ে আলোচনায় আসা তরুণ গায়ক শেখ সাদী এবার হাজির হচ্ছেন অভিনেতা হিসেবে। ‘শহরের নতুন অতিথি’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। তার বিপরীতে অভিনয় করেছেন সামিরা খান মাহি; নাটকটি পরিচালনা করেছেন গৌতম কৈরী। খবর বিডিনিউজের।

পরিচালক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ‘শহরের নতুন অতিথি’ নাটকটি গতকাল বুধবার প্রচারে এসেছে। দেখা যায় ‘বিগ সিটি ড্রামা’ ইউটিউব চ্যানেলে।

গান ছেড়ে হঠাৎ নাটকে কেন জানতে চাইলে সাদী বলেন, অভিনয়ে আসার মূল কারণ আমার অডিয়েন্স। তারা আমার গানের ক্যারিয়ারের শুরু থেকেই চাইছে, যেন আমি অভিনয় করি। তাদের জন্যই এবার এই সিদ্ধান্ত নিলাম।

অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, আমি ভেবেছিলাম অভিনয়টা সহজ, কিন্তু অভিনয় করতে গিয়ে মনে হয়েছে এখানে অভিজ্ঞতা এবং দৃঢ় মনোবলের একটা ব্যাপার আছে। যেটা না করলে লং রানে টেকা সম্ভব না। শুটিং সেটে গিয়ে একদম অচেনা পরিবেশে কাজ করতে হয়নি। পরিচালকসহ পুরো টিমটা খুব সহযোগিতাপূর্ণ ছিল। তাই প্রথম কাজ হিসেবে বেশ স্বাচ্ছন্দ্যেই অভিনয়টা করতে পেরেছি।

নাটকটির দৃশ্যধারণ হয়েছে ঢাকার উত্তরা ও সাভারের গোলাপ গ্রামে। প্রায় দুই মাস আগে এর কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন পরিচালক।

মাহি বলেন, তারা অনেক পরিশ্রম করে কাজটি করেছেন। পুরো শীতের মধ্যে আমরা শুট করেছি। আশা করছি ‘শহরের নতুন অতিথি’ দর্শকের পছন্দ হবে।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন কাল
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৩১.২৬ কোটি টাকা