শব্দ দিয়ে ভয়েস পেইন্টিং করেন আবৃত্তিকাররা

শিল্পকলায় বোধনের ‘সৃষ্টিশীল ৬৪ আবর্তনের’ সমাবর্তনে বক্তারা

| শনিবার , ১১ এপ্রিল, ২০২৬ at ১১:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বোধন আবৃত্তি স্কুল চট্টগ্রামের ‘সৃষ্টিশীল ৬৪ আবর্তনের’ সমাবর্তন গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় অনুষ্ঠিত হয়েছে। এতে কথামালা ও সনদপত্র বিতরণ পর্বে আমন্ত্রিত অতিথি ছিলেন কবি ও শিক্ষাবিদ অধ্যাপক মুজিব রাহমান, মেডিসিন বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা. অপর্ণা দেব।

তারা বলেন, সুন্দর কিছু উপস্থাপনে সর্বপ্রথম সুন্দর বাচনশৈলী ও শ্রুতি সুখকর হওয়া খুবই গুরুত্বপূর্ণ। এখানে কবিতা তো শব্দের শিল্প। এখানে আবৃত্তিকাররা শব্দ দিয়ে ভয়েস পেইন্টিং বানান। তারা শব্দ দিয়ে চমৎকার পেইন্টিং আকেঁন। এজন্য যারা কবিতার সাথে আছে, যারা সৌন্দর্য্যের সাথে আছে, তারা সবসময় অন্যরকম ভাবে। তাই এখানে যারা যুক্ত হয়েছেন তারা শুধু কবিতার আবৃত্তি শেখা নয়, রবীন্দ্র ও নজরুলকে শেখা নয়, আরো একটি বড় জগতে প্রবেশ করা। যেখানে কবিতার মধ্য দিয়ে অজস্র জগতের উন্মোচন করা যায়।

কথামালা পর্বের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব কুমার শীল। সভাপতিত্ব করেন বোধনের সাধারণ সম্পাদক এস এম আব্দুল আজিজ। এ সময় উপস্থিত ছিলেন বোধনের সুবর্ণা চৌধুরী, গৌতম চৌধুরী, সঞ্জয় পাল, অনুপম শীল, সাজেদুল আনোয়ার, জসিম উদ্দিন, সংগীতা কর চৌধুরী, লিংকন বিশ্বাস প্রমুখ।

কথামালা শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এরপর বড়দের ‘খ’ বিভাগের উত্তীর্ণ প্রশিক্ষণার্থীরা একক আবৃত্তি পরিবেশনায় অংশগ্রহণ নেন। যেখানে কবিতার পংক্তিতে স্বদেশপ্রেমের আকাঙ্ক্ষা ও

প্রকৃতির ভূমিকায় যাপিত জীবনের বাস্তবতার নিরিখের পটভূমি উন্মুখ হয়ে উঠে। তবে জীবন যুদ্ধে বিবেকবোধ জাগুরুক রাখে আবৃত্তিশিল্পী সুচয়ন সেনগুপ্তের গ্রন্থনা ও নির্দেশনায় ‘জাগরণ’ শীর্ষক বৃন্দ আবৃত্তি পরিবেশনায়। তবে সমাবর্তনের শেষটা রাঙিয়ে রাখে বোধনের শিশুবিভাগের শিক্ষার্থীদের বৃন্দ আবৃত্তি পরিবেশনায়। এ সময় তবলায় সংগত করেন বোধন সুহৃদ উৎপল কান্তি নাথ। এতে শিশুরা সঞ্জয় পালের গ্রন্থনায় ‘আমাদের শৈশব’ পরিবেশনায় মাতিয়ে রাখে পুরো মিলনায়তন। এ বৃন্দের মহড়া পরিচালনায় ছিলেন ঋত্বিকা নন্দী, ত্রয়ী দে, শ্রাবণী বণিক, লিমা চৌধুরী ও উদ্দীপ্তা বিশ্বাস।

পুরো আয়োজনের সঞ্চালনায় ছিলেন আবৃত্তিশিল্পী শ্রাবণী বড়ুয়া ও ইভান পাল। এছাড়া আবৃত্তিশিল্পী শংকর প্রসাদ নাথের সার্বিক সমন্বয়ে অনুষ্ঠানে মঞ্চের দৃশ্যায়ন পরিবর্তনে ছিলেন আবৃত্তিশিল্পী সাজেদুল আনোয়ার। একক আবৃত্তি পরিবেশন করেন সৃষ্টিশীল ৬৪ আবর্তনের উত্তীর্ণ অর্পিতা মুহুরী, মেঘনা বড়ুয়া, সৃষ্টি ভট্টাচার্য্য, সীমা সেন, শারমিন আকতার, রীতা ঘোষ, সুমী চৌধুরী, তমালিকা বড়ুয়া, পম্পি বড়ুয়া, শিউলি তালুকদার, শুভা বড়ুয়া, লাবণ্য বড়ুয়া, রুমি চৌধুরী, মুন্নী বড়ুয়া, সুবর্ণা চৌধুরী, সোমা চৌধুরী, মোহাম্মদ আরমান, লতিফা আনসারী রুনা, উদ্দিপ্তা রোহিতা বিশ্বাস প্রমুখ। সবশেষে ‘আমরা করবো জয়’ সমবেত সঙ্গীতের মধ্যে দিয়ে মঞ্চজুড়ে বোধনের সৃষ্টিশীল ৬৪ আবর্তনের সমাবর্তনের স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি প্রকাশ পায়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ইয়াবা সেবনকালে আটক ৩
পরবর্তী নিবন্ধস্মৃতির পাতায় প্রাণের স্পন্দন