শব্দ চয়নে আমাদের সতর্ক থাকা চাই

| বুধবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৪৮ পূর্বাহ্ণ

মানুষের জীবনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো তার ভাষা। এই ভাষা বা শব্দ দিয়ে যেমন একজনের মন জয় করা যায়, তেমনি একটি ভুল শব্দ ধ্বংস করে দিতে পারে বছরের পর বছর ধরে গড়ে তোলা বিশ্বাস। কয়টি প্রাণীই বা কথা বলতে পারে? কিন্তু মানুষ পারে। আর তাই মানুষের জন্য শব্দ একটা শক্তি। শব্দ এক প্রকার ম্যাজিক; এই শব্দ দিয়ে আপনি দুইভাবে ম্যাজিক করতে পারবেন। একটি পবিত্র ম্যাজিক আরেকটি ব্ল্যাক ম্যাজিক। আপনার শব্দ চয়নের উপর নির্ভর করে আপনি কোন ধরনের ম্যাজিক করছেন। কিছু কিছু শব্দ মানুষের উপর ব্ল্যাক ম্যাজিক এর মতো কাজ করে। জিহ্বায় কোনো হাড় নেই, কিন্তু এটি মানুষের হাড় ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে। একটা মানুষের খারাপ শব্দ প্রয়োগের ফলে অন্য মানুষ বা জাতি খারাপভাবে প্রভাবিত হতে পারে; এমনকি ধ্বংসও হতে পারে। যেমনটা হয়েছিল হিটলারের কথায়। আমরা অনেক সময় রাগের মাথায় বা ঠাট্টার ছলে এমন কিছু বলে ফেলি, যা সামনের মানুষটির আত্মসম্মানে প্রচণ্ড আঘাত হানে। শারীরিক আঘাতের ক্ষত শুকিয়ে গেলেও শব্দের আঘাতের দাগ অনেক সময় আমৃত্যু থেকে যায়। তাই কথা বলার আগে দ্বিতীয়বার ভাবা কেবল সৌজন্য নয়, এটি একটি অপরিহার্য গুণ।

কাজী মালিহা আকতার

শিক্ষার্থী,

উদ্ভিদবিজ্ঞান বিভাগ,

চট্টগ্রাম কলেজ

পূর্ববর্তী নিবন্ধড. মুহম্মদ শামসুজ্জোহা : প্রথম বাঙালি শহীদ বুদ্ধিজীবী
পরবর্তী নিবন্ধমাতৃভাষার মর্যাদা ও ভালোবাসা