শব্দদূষণের ক্ষতিকর দিক ও করণীয় নিয়ে আলোচনা

পেশাদার গাড়ি চালকদের প্রশিক্ষণ

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩০ মার্চ, ২০২৬ at ১১:৩০ পূর্বাহ্ণ

সড়ক দুর্ঘটনা রোধকল্পে পেশাজীবী গাড়ি চালক ও শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি এবং শব্দদূষণ বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য বিআরটিএ চট্টগ্রামের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় পেশাদার গাড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নকালে এই রিফ্রেশার্স প্রশিক্ষণ হয়।

বিআরটিএ চট্টগ্রামের উদ্যোগে প্রতি সপ্তাহে পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়নকালে পেশাদার গাড়ি চালকদের বাধ্যতামূলক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন বিআরটিএ সদর কার্যালয়ের পরিচালক (প্রশিক্ষণ) মোছাম্মাৎ মমতাজ বেগম, চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জি.) মোহাম্মদ মাসুদ আলম, সিএমপির ডিসি রইস উদ্দিন, বিআরটিএর উপপরিচালক (ইঞ্জি.) কে এম মাহবুব কবির, সহকারী পরিচালক শাহাজাদা মো. সামসুজ্জামান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক উথোয়াইনু চৌধুরী, সহকারী পরিচালক (ইঞ্জি.) মেহেদী হাসান, মোটরযান পরিদর্শক মো. ইকবাল আহমদ ও মো. আলাউদ্দিন।

কর্মশালায় শব্দদূষণের ক্ষতিকর বিষয় ও করণীয়, নিরাপদ সড়কের গুরুত্ব, সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার, মোটরযান চলাচলের নিয়মাবলী, ট্রাফিক আইন, ট্রাফিক সাইন, সিগন্যাল, সড়ক পরিবহন আইন২০১৮ এর আওতায় বিভিন্ন অপরাধ ও শাস্তিমূলক ব্যবস্থা, মোটরযানের বিভিন্ন যন্ত্রাংশ, চালকদের স্বাস্থ্যবিধি, শিষ্টাচার, নৈতিকতা আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ও উন্নত মানসিকতা গঠন, যাত্রীদের সাথে ভালো আচরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণে ২৪৯ জন পেশাদার গাড়ি চালক অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে বৌদ্ধ যুব পরিষদের সম্মাননা ও শিক্ষা সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধআইনশৃঙ্খলা রক্ষায় রাঙ্গুনিয়া মডেল থানায় বিশেষ অভিযান