শনিবার সমাবেশ ডেকেছে জামায়াত জোট

সংবিধান সংস্কারের দাবি

| শুক্রবার , ৩ এপ্রিল, ২০২৬ at ৫:৫৩ পূর্বাহ্ণ

গণভোটের রায় মেনে সংবিধান সংস্কারের দাবিতে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। আগামীকাল শনিবার বিকালে রাজধানী ঢাকায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে এই জোট। গুলশানে জোটের বৈঠকের পর গতকাল বৃহস্পতিবার দুপুরে এ তথ্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। খবর বিডিনিউজের।

গতকাল বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত গুলশান২ এলাকায় জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বাসায় অনুষ্ঠিত এই বৈঠকে ১১ দলের শীর্ষনেতারা অংশ নেন। বৈঠক শেষ সাংবাদিকদের সামনে আসেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি শনিবার জোটের বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচির সিদ্ধান্তের কথা তুলে ধরেন। তিনি বলেন, পরবর্তী সময়ে গণসংযোগ, লিফলেট বিতরণ ও জনমত গঠনের কর্মসূচি নেওয়া হবে।

বৈঠকে উপস্থিত থাকা জোটের একজন নেতা বলেন, বিরোধীদলীয় নেতা জামায়াত আমির শফিকুর রহমান সংসদের কর্মকাণ্ড ও আলাপ আলোচনার কথা তুলে ধরেছেন বৈঠকে। তিনি বলেন, জোটের নেতারা মনে করছেন বিএনপি সংস্কার করবে না, সংবিধানে কিছু সংশোধনী আনতে চায়। এজন্য তাদের মাঠে থাকতে হবে। প্রতিবাদ অব্যাহত রাখতে হবে।

খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন বলেছেন, বৈঠকে চলমান রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ৭ এপ্রিল জোটের শীর্ষনেতাদের পরবর্তী বৈঠকের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টিএনসিপির সদস্য সচিব আখতার হোসেন, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব নেয়ামূল বশির।

পূর্ববর্তী নিবন্ধবিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত সংসদ
পরবর্তী নিবন্ধআরও বিধ্বংসী জবাবের হুঁশিয়ারি ইরানের