শতভাগ ফিট এমবাপেকে দেখার অপেক্ষায় আরবেলোয়া

| সোমবার , ২ মার্চ, ২০২৬ at ১১:৪৩ পূর্বাহ্ণ

গোলের জন্য দলের সবচেয়ে বড় ভরসা কিলিয়ান এমবাপের চোট নিয়ে কোনো বিবৃতি দেয়নি রেয়াল মাদ্রিদ। গত বুধবার দলের চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে এই ফরাসি ফরোয়ার্ডের অনুপস্থিতি নিয়েও ক্লাব জানায়নি কিছু। এ নিয়ে জল্পনাকল্পনার ইতি টেনে রেয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া বললেন, এমবাপের পরিস্থিতি নিয়ে সজাগ তারা। গত ডিসেম্বরের শুরু থেকে হাঁটুর সমস্যা ভোগাচ্ছে এমবাপেকে। তার খেলায় বেশ প্রভাব ফেলেছে এই চোট। কিছু ম্যাচও মিস করেছেন তিনি। লা লিগায় সোমবার গেতাফের বিপক্ষে খেলবে রেয়াল। এর আগের দিন সংবাদ সম্মেলনে কোচ আরবেলোয়া বললেন, ধৈর্য ধরে এমবাপের শতভাগ ফিট হওয়ার জন্য অপেক্ষা করছেন তারা। “এমবাপের কী সমস্যা, তা আমরা জানি। আমরা এখন চাই, এই অস্বস্তি থেকে সে পুরোপুরি সেরে উঠুক এবং সর্বোচ্চ আত্মবিশ্বাস নিয়ে শতভাগ ফিট হয়ে মাঠে নামুক।” “এমবাপের অবস্থা আমরা প্রতিদিন দেখব। দেখতে হবে, সে কেমন অনুভব করে এবং কীভাবে সেরে উঠে। কেমন উন্নতি করছে। এই মুহূর্তে তার মাঠে ফেরার কোনো সময়সীমা না দেওয়াই ভালো হবে, কারণ এগুলো ছোট সমস্যা, যা আমাদের প্রতিদিনই পর্যবেক্ষণ করতে হবে। সে কেমন অনুভব করে, এর ওপর ভিত্তি করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমরা চাই সে শতভাগ ফিট হয়ে উঠুক, আর যখন সেটা ঘটবে তখনই সে ফিরবে।” রিয়ালের সবশেষ ম্যাচে এমবাপের অনুপস্থিতি নিয়েও প্রশ্ন হলো সংবাদ সম্মেলন।

আরবেলোয় ছোট্ট কথায় দিলেন উত্তির, কিলিয়ান ছিল না, কারণ সে তার কোচের কাছ থেকে অনুমতি নিয়েছিল।” ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে লা লিগায় দুই নম্বরে রয়েছে রেয়াল। এক ম্যাচ বেশি খেলা বার্সেলোনা ৬৪ পয়েন্ট নিয়ে চূড়ায়।

পূর্ববর্তী নিবন্ধপার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে : পার্বত্য মন্ত্রী
পরবর্তী নিবন্ধসেমিতে হেনরিকে না পেলে ‘বিকল্প প্রস্তুত’ নিউজিল্যান্ডের