বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ঈশ্বরবাবুর হাটসংলগ্ন এলাকায় শঙ্খ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে স্তূপ করে বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন উপস্থিত ছিলেন।
অভিযানকালে ঈশ্বরবাবুর হাট এলাকায় দুটি স্থানে বালুর স্তূপ পাওয়া যায়। স্থানীয়দের ভাষ্য, শঙ্খ নদী থেকে উত্তোলন করা এসব বালু বিক্রির উদ্দেশ্যে সেখানে মজুত করা হয়েছিল। এ সময় ঘটনাস্থল থেকে বালুভর্তি দুটি মিনি ডাম্পার ট্রাক জব্দ করা হয়। পাশাপাশি স্তূপ করে রাখা বালুও জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দ করা বালু নিলামের মাধ্যমে বিক্রির প্রক্রিয়া চলছে। এছাড়া অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।










