আনোয়ারা উপজেলায় শঙ্খ নদীতে নৌকা ডুবে সবুজ (৩৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর দেড়টার সময় উপজেলার জুঁইদন্ডী গ্রামের শঙ্খ নদীতে এ ঘটনা ঘটে। এ সময় নৌকায় থাকা বাকী ৪ যাত্রীকে জীবিত উদ্বার করা হয়েছে। ঘটনার পর পর নিখোঁজ যুবকের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে আনোয়ারা ফায়ার সার্ভিস। জানা যায়, চট্টগ্রাম শহর থেকে নিখোঁজ সবুজসহ ৫ জন তাদের বন্ধুর শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। দুপুরের পর পাশের শঙ্খ নদীতে ছোট ডিঙি নৌকা নিয়ে নদীতে গেলে নৌকা উল্টে যায়। পরে নৌকায় থাকা বাকীরা উঠতে পারলেও সবুজ উঠতে পারেনি। এরপর বন্ধুরা আর সবুজের খোঁজ পায়নি। নিখোঁজ সবুজের বাড়ি নোয়াখালী।
আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ বেলাল হোসেন জানান, শঙ্খ নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। সবুজ নামের একজন নিখোঁজ রয়েছে। আমরা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছি।












