লোহাগাড়া ও রাঙ্গুনিয়ায় ৭ অবৈধ ইটভাটাকে ৩৪ লাখ টাকা জরিমানা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ at ১০:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়া ও রাঙ্গুনিয়ায় পৃথক অভিযান চালিয়ে সাতটি অবৈধ ইটভাটাকে মোট ৩৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দিনব্যাপী পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের এ অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে এসব অর্থদণ্ড দেওয়া হয়। এর মধ্যে লোহাগাড়ার পাঁচটি ভাটাকে ৩০ লাখ এবং রাঙ্গুনিয়ার দুটিকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

লোহাগাড়া প্রতিনিধি জানান, উপজেলায় পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে মোট ৩০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দিনব্যাপী পরিবেশ অধিদপ্তর ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে উপজেলার চরম্বা ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানউলইসলাম।

অভিযানে চরম্বা মাইজবিলা এলাকার মেসার্স শাহ জব্বারিয়া ব্রিকস ম্যানুফ্যাকচারিংয়ের (ফোরবিএম) মালিক জসিম উদ্দিনকে ৬ লাখ টাকা, মাইজবিলা আবাসন এলাকার মেসার্স বিসমিল্লাহ ব্রিকসের (বিবিএম) মালিক মো. গিয়াস উদ্দিনকে ৬ লাখ টাকা এবং নোয়ারবিলা এলাকার মেসার্স চরম্বা রহমানিয়া ব্রিকসের (সিআরবি) মালিক নাছির উদ্দিনকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া চরম্বা রাজঘাটা এলাকার মেসার্স ইসলাম ব্রিকস ম্যানুফ্যাকচারিংয়ের (আইবিএম) মালিক মফিজুর রহমানকে ৬ লাখ টাকা ও একই এলাকার মেসার্স শাহ মজিদিয়া ব্রিকসের (বিআরবি) মালিক নুরুল আলম বাহাদুরকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা লঙ্ঘন করায় এই ৫ ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন। অভিযানকালে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান ছাড়াও রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সাল ও কাজী ইফতেকার উদ্দিন উপস্থিত ছিলেন। অভিযানে র‌্যাব, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল এলাকায় অবৈধভাবে ইট প্রস্তুত ও ভাটা পরিচালনার দায়ে দুটি ইটভাটাকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান।

অভিযান সূত্রে জানা গেছে, আইন লঙ্ঘন করায় কেপিএম ইটভাটা এবং কেএবি ইটভাটার প্রত্যেককে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ সহায়তা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান জানান, জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধএপ্রিলের প্রথম সপ্তাহে তেলের আরও দুটি চালান আসছে : বিপিসি
পরবর্তী নিবন্ধচন্দনাইশ, রাঙ্গুনিয়া ও বাঁশখালীতে অগ্নিকাণ্ড