লোহাগাড়ায় শ্বশুরবাড়ি থেকে সামশুল আলম (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পানত্রিশা ব্রাহ্মণ পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সামশুল আলম চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ডেবার পাড় এলাকার সিরাজুল হকের পুত্র।
স্থানীয় ইউপি সদস্য জানে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিয়ের পর থেকে সামশুল আলমের স্ত্রী বাবার বাড়িতেই থাকতেন। গত শনিবার সামশুল আলম সেখানে বেড়াতে আসেন। সোমবার বিকেলে সবার অগোচরে শয়নকক্ষে ঢুকে স্ত্রী জান্নাত আরা বেগমের ওড়না পেঁচিয়ে তিনি ফাঁস দেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে বাড়ির লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। তার মৃত্যুর ব্যাপারে সঠিক কারণ জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত অব্যাহত রয়েছে।












