লোহাগাড়ায় রাতের আঁধারে সূর্যমুখী বাগান তছনছ

অর্ধলাখ টাকার ক্ষতি

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:২২ পূর্বাহ্ণ

লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নে এক কৃষকের সূর্যমুখী বাগান রাতের আঁধারে তছনছ করে দিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় ৮ নং ওয়ার্ডের চেঁদিরপুনি বড়ুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধলাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

ক্ষতিগ্রস্ত কৃষক হেমাঙ্গ বড়ুয়া (৫৭) একই এলাকার জীবন হরি বড়ুয়ার ছেলে। তিনি জানান, বাড়ির পাশের ১০ শতক জমিতে গত তিন বছর ধরে সূর্যমুখী চাষ করে আসছেন। উপজেলা কৃষি অফিসের পরামর্শে এবং পরীক্ষামূলকভাবে তেল উৎপাদনের লক্ষ্যে তিনি এই চাষে উদ্বুদ্ধ হন। প্রতিবারের মতো এবারও বাগানে ভালো ফলন হয়েছিল। ফুল ফুটলে স্থানীয়রা বাগানে এসে ছবি তুলতেন। মানুষ ফুল হাতে ছবি তুলছে এই দৃশ্য তার ভালো লাগত, তাই কাউকে কোনো দিন নিষেধ করেননি।

তবে অনেকেই ছবি তোলার পাশাপাশি ফুল ছিঁড়ে নিয়ে যেতেন, যা তার আর্থিক ক্ষতির কারণ হতো। তিনি আগতদের শুধু ছবি তুলতে অনুরোধ করতেন, ফুল না ছেঁড়ার আহ্বান জানাতেন। কৃষক হেমাঙ্গ বড়ুয়া জানান, মঙ্গলবার রাতের কোনো এক সময় কে বা কারা তার জমির প্রায় সব সূর্যমুখী গাছ ভেঙে দেয়। এতে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিকভাবেও ভেঙে পড়েছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম বলেন, হেমাঙ্গ বড়ুয়াকে সরকারি প্রণোদনার আওতায় সহায়তা দেওয়া হয়েছিল এবং তিনি নিয়মিত সূর্যমুখী চাষ করে আসছেন। ভোজ্যতেলের বিকল্প উৎস হিসেবে সূর্যমুখী চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে কৃষি বিভাগের একজন উপসহকারী কৃষি কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। ভবিষ্যতে হেমাঙ্গ বড়ুয়াকে আরও বড় পরিসরে সূর্যমুখী চাষে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে আ. লীগ কার্যালয়ে রাতের আঁধারে টানানো হল ব্যানার
পরবর্তী নিবন্ধখণ্ডকালীন শিক্ষকদের ফিরিয়ে আনার দাবিতে পরীক্ষা বর্জন