লোহাগাড়ায় মাইক্রো ও বাইকের সংঘর্ষ, তিন বন্ধু আহত

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:২১ পূর্বাহ্ণ

লোহাগড়ায় মাইক্রোবাসের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের ডাকবাংলো এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন উপজেলার চুনতি ইউনিয়নের বনপুকুর বাজার এলাকার বাসিন্দা মোহাম্মদ আবু (২০), একই ইউনিয়নের হাসান নগর এলাকার ওয়াহিদ (২৫) ও কালু সিকদার পাড়ার মোহাম্মদ হৃদয় (২২)। তারা সবাই পেশায় কাঠমিস্ত্রি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কক্সবাজারমুখী মাইক্রোবাসের সাথে বিপরীতমুখী বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইকে থাকা তিন আরোহী ছিঁটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনায় মাইক্রোবাসের সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দুমড়ে মুচড়ে গেছে বাইকটি।

আহতদের সহকর্মী শহীদুল ইসলাম জানান, তারা বাইকযোগে বনপুকুর বাজার এলাকা থেকে আধুনগর এলাকায় একটি মেজবানের দাওয়াতে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে মাইক্রোর সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

হাসপাতালের চিকিৎসক ডা. প্রলয় চৌধুরী জানান, দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এরমধ্যে আবু নামে এক যুবকের অবস্থা আশংকাজনক।

দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধ৬ মাস পর নগরীতে টিসিবির ট্রাকসেলে পণ্য বিক্রি শুরু
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে আ. লীগ কার্যালয়ে রাতের আঁধারে টানানো হল ব্যানার