লোহাগাড়ায় বাইকের ধাক্কায় চবি ছাত্রীর পা বিচ্ছিন্ন

লোহাগাড়া ও চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ at ৫:১৭ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় বাইকের ধাক্কায় জান্নাতুল বাকিয়া (২৪) নামে এক ছাত্রী গুরুতর আহত হয়েছেন। গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে উপজেলার পদুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত জান্নাতুল বাকিয়া কক্সবাজারের ঈদগাঁও থানার তেলিপাড়ার মোস্তাক আহমদের কন্যা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের স্নাতকের (২০২২২৩ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে শ্যামলী পরিবহনের একটি বাসে করে চট্টগ্রামে ফিরছিলেন তিনি। পথিমধ্যে প্রাকৃতিক কাজ সারার জন্য নোয়াপাড়া এলাকায় বাস থেকে নেমে সড়ক পারাপারের সময় কক্সবাজারমুখী একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার মাথায় জখম ও একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লোহাগাড়ার একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। লোহাগাড়া ট্রাম সেন্টারের চিকিৎসক ডা. সিরাজ উদ্দিন জানান, প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার পায়ের অবস্থা খুবই খারাপ।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। ঘটনার পর বাইকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বাইকটি চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রচেষ্টা চলছে।

এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, অভিযুক্ত মোটরসাইকেল চালকের পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় হাইওয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী নিবন্ধবিয়ের ১ মাস ১৯ দিনের মাথায় লাশ হলো মেয়েটি
পরবর্তী নিবন্ধকুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন