লোহাগাড়ায় বাইকের ধাক্কায় জান্নাতুল বাকিয়া (২৪) নামে এক ছাত্রী গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার পদুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত জান্নাতুল বাকিয়া কক্সবাজারের ঈদগাঁও থানার তেলিপাড়ার মোস্তাক আহমদের কন্যা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের স্নাতকের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জান্নাতুল বাকিয়া বাসযোগে কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে প্রাকৃতিক কাজ সারার জন্য বাস থেকে নেমে সড়ক পার হচ্ছিলেন। এ সময় কক্সবাজারমুখি দ্রুতগতির একটি বাইক তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
দুর্ঘটনায় তার মাথায় জখম ও একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগাড়া ট্রমা সেন্টারে নিয়ে আসেন।
লোহাগাড়া ট্রাম সেন্টারের চিকিৎসক ডা. সিরাজ উদ্দিন জানান, প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার পায়ের অবস্থা খুবই খারাপ।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। ঘটনার পর বাইকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বাইকটি চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রচেষ্টা চলছে।











