লোহাগাড়ায় পিচ্ছিল সড়কে উল্টে গেল তরমুজ বোঝাই ট্রাক

লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ১৩ এপ্রিল, ২০২৬ at ৫:৫৬ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে তরমুজ বোঝাই একটি ট্রাক। গতকাল রোববার ভোর ৪টার দিকে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে উপজেলার সদর ইউনিয়নের লোহারদিঘীর পাড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কক্সবাজারমুখী তরমুজ বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকে থাকা তরমুজ সড়কের বিভিন্নস্থানে ছড়িয়ে পড়ে। তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। রাতে ঘন কুয়াশার কারণে সড়ক পিচ্ছিল হয়ে পড়লে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সড়কে তরমুজ ছড়িয়ে পড়ায় কিছু সময়ের জন্য যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। নিয়মিত মাটিবাহী ডাম্পট্রাক চলাচলের ফলে সড়কের উপর মাটির আস্তরণ সৃষ্টি হয়েছে। এর সাথে কুয়াশা ও গুড়ি বৃষ্টি মিলে মহাসড়ক আরো বেশি পিচ্ছিল হয়ে যায়, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়। দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধরাজনীতি থেকে সরে দাঁড়ালেন এলডিপি নেতা