লোহাগাড়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র ও জনগুরুত্বপূর্ণ স্থান পরিদর্শনের সময় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।
অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন মন্ডল অপু। পরিদর্শনকালে তিনি আমিরাবাদ ও কলাউজান ইউনিয়নের দুটি পৃথক নির্বাচনী প্রচারণা ক্যাম্পে ৪০০ বর্গফুটের অধিক আয়তনের প্যান্ডেল দেখতে পান।
জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা–২০২৫ এর বিধি ১৩(খ) লঙ্ঘনের দায়ে, বিধি ২৭(ক) অনুযায়ী মোহাম্মদ ইসহাক ও অধ্যাপক জালাল আহমেদকে ৮ হাজার টাকা করে মোট ১৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন মন্ডল অপু বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।












