লোহাগাড়ায় মেয়াদোত্তীর্ণ ও পচা সাবান গলিয়ে রাসায়নিক মিশিয়ে নতুন মোড়কে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার উপজেলার পদুয়া ইউনিয়নের তেলিবিলা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কারখানাটি বন্ধ করে দেওয়ার পাশাপাশি এক কর্মচারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শের আলী উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, মফিজুর রহমান নামে এক ব্যক্তি গোপনে তেলিবিলা এলাকায় একটি সাবান তৈরির কারখানা পরিচালনা করে আসছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে বিভিন্ন কোম্পানির প্রায় ১৫০ বস্তা মেয়াদোত্তীর্ণ কাপড় কাচার সাবান এবং দুই বস্তা খালি প্যাকেট জব্দ করা হয়। অভিযানের খবর টের পেয়ে কারখানার মালিক পালিয়ে গেলেও সামশুল ইসলাম নামের এক কর্মচারীকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে ওই কর্মচারী জানান, বিভিন্ন কোম্পানি থেকে পচা ও মেয়াদোত্তীর্ণ সাবান সংগ্রহ করে কারখানায় আনা হতো। এরপর সেগুলো গলিয়ে বিভিন্ন রাসায়নিক মিশিয়ে নতুন সাবানে রূপান্তর করা হতো এবং পরে নামি–দামি কোম্পানির প্যাকেটে ভরে বাজারজাত করা হতো।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আটক সামশুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে তাকে এক মাসের জেল দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে কারখানা থেকে উদ্ধারকৃত মালামাল ধ্বংস করা হয়েছে এবং কারখানাটি সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়েছে।












