লোহাগাড়ায় দুই রাতে ৪ পরিবারের ১১টি গরু চুরির ঘটনা ঘটেছে। সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মজিদার পাড়া ও পূর্ব লোহাগাড়া হাজির পাড়ায় পৃথক এ চুরির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন, মজিদার পাড়ার আবুল বশর, জসিম উদ্দিন ও পূর্ব লোহাগাড়া হাজির পাড়ার আলী আহমদ, ফয়েজ আহমদ। স্থানীয় ইউপি সদস্য আবদুস ছবুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ক্ষতিগ্রস্তরা জানান, শনিবার ভোররাতে আবুল বশরের ৪টি, জসিম উদ্দিনের ২টি ও শুক্রবার ভোররাতে আলী আহমদের বাচুরসহ ১টি গাভী, ফয়েজ আহমদের ৩টি গরু নিয়ে যায় চোরেরা। প্রতিদিনের ন্যায় তারা গোয়ালঘর তালাবদ্ধ করে ঘুমাতে যান। সকালে ঘোয়ালঘরে গরু দেখতে না পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য সাড়ে ১১ লাখ টাকা। লোহাগাড়ায় গরু চুরি ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় আতংকের মধ্যে রাত যাপন করছেন গরু লালন-পালনকারীরা। এদিকে, শনিবার ভোররাতে গরুচোরেরা মোটরসাইকেল আরোহী দুই যুবককে অস্ত্র উঁচিয়ে নগদ ২৫ হাজার টাকা ও ২টি মোবাইল ছিনিয়ে নেয়। পরে তাদের হাত-মুখ বেঁধে খান মোহাম্মদ সিকদার পাড়া মসজিদ এলাকার ফোরকানিয়া মাদ্রাসার ছাদে আটকে রাখে। ক্ষতিগ্রস্ত যুবকরা হলেন, একই ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের পূর্ব লোহাগাড়া হাজি পাড়ার বদিউল আলমের পুত্র মো. আকিব (২২) ও উত্তর কলাউজানের আবদুস ছবুরের পুত্র মো. শাকিব (২২)। মোটরসাইকেল আরোহী ওই দুই যুবক এক বিয়ে অনুষ্ঠান থেকে ফিরছিলেন বলে জানায়। গরু চুরি, নগদ টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয়ার ঘটনায় কোন অভিযোগ করা হয়নি বলে থানা সূত্রে জানা গেছে।












