লোহাগাড়ায় তিন জনকে জনতার ধাওয়া, জ্বালিয়ে দিল দুইটি মোটরসাইকেল

মাদক কারবারের অভিযোগ

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:৫৯ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় মাদক কারবারের অভিযোগে তিন জনকে ধাওয়া দিয়ে একজনকে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। এ সময় পুড়িয়ে দেয়া হয়েছে তাদের ব্যবহৃত ২টি বাইক। গত বুধবার দিনগত রাত ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাজির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবত স্থানীয় আবু হানিফ, মো. আলমগীর ও পার্শ্ববর্তী লিচু মিয়াজি পাড়ার মো. হাছান এলাকায় মাদক কারবার করে আসছিলেন। এ ব্যাপারে তাদেরকে একাধিকবার সতর্ক করে দেয়া হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। ঘটনার রাতে বাইক যোগে হাছন হাজির পাড়ায় তার সহযোগিদের কাছে আসেন। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদেরকে ধাওয়া দেয়। জনতার ধাওয়ায় আবু হানিফ ও আলমগীর বাইক রেখে পালিয়ে যান। কিন্তু হাছান পালিয়ে যাওয়ার সময় পুকুরে পড়ে যাওয়ায় জনতার রোষানলে পড়েন। এ সময় উত্তেজিত জনতা তাদের ফেলে যাওয়া ২টি বাইকে আগুন জ্বালিয়ে দেয়। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়।

স্থানীয় ইউপি সদস্য আব্দুস ছবুর জানান, মাদক কারবারের বিষয়কে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। এ সময় উত্তোজিত জনতা পুড়ে দিয়েছে ২টি বাইক। লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জনতার রোষানল থেকে আহত হাছানকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়। উদ্ধার করা হয়েছে পুড়ে যাওয়া ২টি বাইক। এ ঘটনায় লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধবন্দরে কর্মবিরতি দুই দিন স্থগিত
পরবর্তী নিবন্ধবন্দর ভক্ষকের ভূমিকায় থাকায় কর্ণফুলীর অবৈধ স্থাপনা উচ্ছেদ হচ্ছে না