লোহাগাড়ায় মাছের খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আকতার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাতগড় বড়ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকতার একই এলাকার কবির আহমদের ছেলে। স্থানীয় ইউপি সদস্য মো. এন্তেজার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, আকতার খামার থেকে মাছ ধরার জন্য বৈদ্যুতিক মোটর ব্যবহার করে পানি কমানোর কাজ করছিলেন। এ সময় তিনি অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে খামারে থাকা অন্যরা তাকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।












