লোহাগাড়ায় কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

মোহাম্মদ মারুফ, লোহাগাড়া | বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১২:৪৩ অপরাহ্ণ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ আসনের লোহাগাড়া উপজেলায় ভোটের সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে দায়িত্বপ্রাপ্তদের হাতে স্বচ্ছ ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সামগ্রী তুলে দেয়া হয়। যা ইতোমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে।

চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন প্রার্থী। তারা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী (দাঁড়িপাল্লা) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী শরীফুল আলম চৌধুরী (হাতপাখা)।

জানা যায়, চট্টগ্রাম- ১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসনে রয়েছে ২০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা। এরমধ্যে লোহাগাড়া উপজেলায় ৯টি ইউনিয়ন এবং সাতকানিয়া উপজেলায় ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা। মোট ভোটার ৪ লাখ ৯১ হাজার ৭৮৭ জন। পুরুষ ভোটর ২ লাখ ৫৭ হাজার ৪১০ জন। মহিলা ভোটার ২ লাখ ৩৪ হাজার ৩৭৭ জন। পোস্টাল ব্যালটে ভোট প্রদানের নিবন্ধিত ভোটার সংখ্যা ১৪ হাজার ২৭২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৫০৫ জন ও মহিলা ভোটার ৭৬৭ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১৫৭টি। ভোটকক্ষের সংখ্যা ৯৫৯টি। এরমধ্যে স্থায়ী ৯২৪টি ও অস্থায়ী ৩৫টি।

লোহাগাড়া উপজেলায় ৯ ইউনিয়নে ভোটার ২ লাখ ৪২ হাজার ১৭১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৬ হাজার ৪৩ জন ও মহিলা ভোটার ১ লাখ ১৬ হাজার ১২৮ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৬৭টি। ভোট কক্ষের সংখ্যা ৪৫৮টি। এরমধ্যে স্থায়ী ৪৫১টি ও অস্থায়ী ৭টি।

সাতকানিয়া উপজেলায় ১১ ইউনিয়ন ও ১টি পৌরসভায় ভোটার ২ লাখ ৪৯ হাজার ৬১৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩১ হাজার ৩৬৭ জন ও মহিলা ভোটার ১ লাখ ১৮ হাজার ২৪৯ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৯০টি। ভোট কক্ষের সংখ্যা ৫০১টি। এরমধ্যে স্থায়ী ৪৭৩টি ও অস্থায়ী ২৮টি।

লোহাগাড়া উপজেলায় ৬৭টি ভোট কেন্দ্রের মধ্যে ৯টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া চিহ্নিত করা হয়েছে ঝুঁকিপূর্ণ ৬টি কেন্দ্র।

অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো হল- ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ চাকফিরানী চিংগীশাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়, চাকফিরানী সরকারী প্রাথমিক বিদ্যালয়, আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসা, মল্লিক ছোয়াং সরকারী প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম পদুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ধলিবিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, লোহাগাড়া শাহপীর এবতেদায়ী মাদরাসা ও উত্তর হরিণা সরকারী প্রাথমিক বিদ্যালয়।

এছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো হল- উত্তর আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়, পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর পদুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, লোহাগাড়া ইসলামিয়া সিনিয়র মাদরাসা, তৈয়ব আশরাফ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাইজবিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, নির্বাচনকে ঘিরে উৎসব উৎসব ভাব বিরাজ করছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কাজ করছি। ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাাধিকার প্রয়োগ করতে পারবেন।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুত সম্পন্ন করা হয়েছে। নির্বাচনের কেন্দ্রগুলোতে সার্বিক নিরাপত্তার জন্য সেনাবাহিনীর ১৫টি টিম টহলরত অবস্থায় থাকবে। তারমধ্যে ৯টি টিম সার্বক্ষণিক। এছাড়া ২ প্লাটুন বিজিবি সাথে ২ জন ম্যাজিস্ট্রেট, ব্যাটেলিয়ন আনসার বাহিনী সাথে ১ জন ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেটসহ আরেকটি সেনাবাহিনীর টহল টিম, একজন ম্যাজিস্ট্রেটসহ পুলিশের স্ট্রাইকিং টিম। তাছাড়া আরও ৫ টি মোবাইল টিম টহলরত থাকবে। সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। ভোটাররা কেন্দ্রে গিয়ে নিরাপদে যেন ভোট দিতে পারেন, সেজন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় ভোটকেন্দ্র থেকে চুরি হলো সিসিটিভি ক্যামেরা