লোহাগাড়ায় অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার গভীর রাতে উপজেলার পদুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আলী সিকদার পাড়া এলাকায় এই অভিযানে ২টি এক্সকেভেটর জব্দ করা হয়েছে। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি প্রভাবশালী মাটিখেকো চক্র দীর্ঘদিন ধরে আলী সিকদার পাড়ায় রাতের আঁধারে কৃষিজমির টপসয়েল কেটে পাচার করে আসছিল। এতে ওই অঞ্চলের কৃষি উৎপাদন ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ে। এর প্রতিকার চেয়ে গত ১৮ মার্চ স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জাকারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতেই প্রশাসন এই বিশেষ অভিযান চালায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন বলেন, অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে সেখান থেকে মাটি কাটায় ব্যবহৃত দুটি এক্সকেভেটর জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তিনি আরও জানান, অবৈধভাবে মাটি কাটা বন্ধ করতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রশাসনের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।












