লোহাগাড়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় দুই বাইকের সংঘর্ষ, প্রাণ গেল একজনের

সুযোগ বুঝে নিহতের মোবাইল ও মানিব্যাগ লুট, দীর্ঘ সময় পর মিলল পরিচয়

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ৮ এপ্রিল, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় নাসিবুর রহমান নাছির (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার আধুনগর ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাছির ফরিদপুর সদর এলাকার মো. শফি উদ্দিনের ছেলে। তিনি ব্যবসায়িক কাজে চকরিয়ায় গিয়েছিলেন এবং সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। এই ঘটনায় আতিকুর রহমান (৪২) নামে অপর এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। আতিকুর বাঁশখালী উপজেলার বাসিন্দা এবং বর্তমানে পদুয়া চেক স্টেশনে ফরেস্ট গার্ড হিসেবে কর্মরত।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেল ওভারটেক করতে গিয়ে একইমুখী একটি গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানের ধাক্কায় ছিটকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাছিরের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই কাভার্ড ভ্যানটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পর কে বা কারা নিহতের মোবাইল ও মানিব্যাগ নিয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করতে দীর্ঘ সময় লাগে।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রিমলি দে জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছিল।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি বর্তমানে হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধরেলিংয়ে দাঁড়িয়ে আম পাড়ার চেষ্টা, পা পিছলে রড বিঁধে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধবর্ণিল শোভাযাত্রায় খাগড়াছড়িতে বৈসাবি শুরু