লোহাগাড়ায় ইউপি সদস্যসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

টিলা কেটে অবৈধভাবে বালু উত্তোলন

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ১০ এপ্রিল, ২০২৬ at ৭:৪২ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চরম্বায় টিলা কেটে অবৈধভাবে বালু উত্তোলন করায় ইউপি সদস্যসহ ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার থানার এসআই সীমান্ত পোদ্দার বাদী হয়ে এই মামলা দায়ের করেন। আসামিরা হলেন, উপজেলার চরম্বা ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের বাইয়ার পাড়ার মো. আব্দুস সাত্তারের ছেলে স্থানীয় ইউপি সদস্য মো. শওকত ওসমান (৪০), ফরুক আহমদের ছেলে মো. আব্দুল্লাহ (২৯), আবুল কাশেমের ছেলে মো. জাহাঙ্গীর (২৭) ও মৃত আব্দুল আলমের ছেলে রাজা মিয়া (৩০)। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ এপ্রিল বিকেলে উপজেলার চরম্বা ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের মাইজবিলা আশ্রয়ণ প্রকল্পের উত্তর পূর্ব পাশে উলুবুনিয়া নামক স্থানে জামছড়ি খাল সংলগ্ন এলাকায় টিলা কেটে অবৈধভাবে বালু উত্তোলনের খবরে পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ২টি ড্রেজার (শ্যালো) মেশিন, ১টি পানি সেচ করার মেশিন, ৩টি শ্যালো মেশিনের পাম্পের অংশ, ১টি পাম্পের মুখ, ১টি পাম্পের পাখার শ্যাফ্‌ট, ৫টি পুরাতন বেলচা, ৫টি খন্ড খন্ড হোস পাইট ও একটি ৪৫ ফুট দৈর্ঘ্য পেঁচানো হোস পাইপ জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে স্থানীয়রা জানায়, আসামিরা দীর্ঘদিন যাবত অবৈধভাবে পাহাড়টিলা কেটে বালু উত্তোলন করে আসছে। তারা অবৈধভাবে বালু উত্তোলন করায় পরিবেশগত সংকটাপন্ন সৃষ্টি, পাহাড় ভাঙন, ফসলি জমি এবং জনবসতির ক্ষতি সাধন করে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে অপরাধ করেছে।

লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন জানান, টিলা কেটে অবৈধভাবে বালু উত্তোলন করায় ইউপি সদস্যসহ ৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ওই স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় গত ৭ এপ্রিল দৈনিক আজাদী পত্রিকায় ‘লোহাগাড়ায় সংরক্ষিত বনের টিলা কেটে বালু উত্তোলন/ ঝুঁকিতে বনজ সম্পদ ও জীববৈচিত্র্য’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসোনাদিয়া চরে দুর্বৃত্তের কবল থেকে বিদেশি পর্যটকদের উদ্ধার করল কোস্ট গার্ড
পরবর্তী নিবন্ধকিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে, ৩ দিন সশরীরে ক্লাস