লোহাগাড়ায় অস্ত্রসহ কালা বাবুল গ্রেপ্তার

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:১০ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ মো. বাবুল প্রকাশ কালা বাবুল (৩৫) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে সন্ত্রাসী বাহিনীর এক সদস্যের পিতাকেও গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল বুধবার ভোররাত থেকে সকাল পর্যন্ত উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার কালা বাবুল চাকফিরানী এলাকার মো. ইউনুসের পুত্র। অন্যদিকে গ্রেপ্তার হওয়া আবু তাহের (৬৫) একই এলাকার মৃত আনু মিয়ার পুত্র এবং একটি মামলার চার্জশিটভুক্ত আসামি।

যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও নাশকতামূলক কর্মকাণ্ড দমনের লক্ষ্যে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। বুধবার ভোররাত ৪টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত চাকফিরানী এলাকায় পৃথক দুটি স্থানে হানা দেয় যৌথ বাহিনী। অভিযানে কালা বাবুলের বাড়ি তল্লাশি করে ১টি দেশীয় তৈরি বন্দুক (এলজি), ২টি কার্তুজ, ৭টি রাম দা এবং ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সময়ে ওই এলাকার সন্ত্রাসী ‘তৌহিদ বাহিনী’র বাড়িতেও অভিযান চালায় বাহিনীটি। সেখানে তৌহিদকে পাওয়া না গেলেও মামলার চার্জশিটভুক্ত আসামি ও তৌহিদের পিতা আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, অস্ত্রসহ গ্রেপ্তার কালা বাবুলের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। বুধবার বিকালেই গ্রেপ্তার হওয়া দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধহালদা নদী থেকে মৃত বাচ্চা ডলফিন উদ্ধার
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে জামায়াত প্রার্থীর প্রতীকে আলোকসজ্জা, ৫ হাজার টাকা জরিমানা