লোহাগাড়ায় যানজটে অচল মহাসড়ক

যত্রতত্র যাত্রী ওঠানামা, ফুটপাত দখল ও অবৈধ পার্কিং বাড়াচ্ছে দুর্ভোগ

লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশের ছোটবড় প্রতিটি স্টেশনে তীব্র যানজট লেগেই থাকে। যানজটে অচল মহাসড়কে চালক, যাত্রী ও পথচারীদের সীমাহীন দুর্ভোগ বাড়ছে। এ সমস্যা দিন দিন প্রকট আকার ধারণ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ কোনো তৎপরতা দেখা যায় না বলে অভিযোগ স্থানীয়দের। অসহ্য এ যানজট নিরসনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন সচেতন মহল। জানা যায়, মহাসড়কের ঠাকুরদিঘী বাজার, পদুয়া তেওয়ারীহাট বাজার, বটতলী স্টেশন, আধুনগর বাজার ও চুনতি ডেপুটি বাজার স্টেশনে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। যানজটের অন্যতম কারণস্টেশনগুলোতে সড়কের উপর দাঁড়িয়ে বাসমিনিবাসগুলো যাত্রী উঠানামা করে এবং গাড়ি ঘুরানোর সময় রাস্তায় আড়াআড়ি অবস্থানের ফলে দুদিক থেকে যানজট সৃষ্টি হয়। এছাড়া, মহাসড়কের দুপাশের ফুটপাত দখল, যত্রতত্র গাড়ি পার্কিং, তিন চাকার গাড়ির অবৈধ স্ট্যান্ড, হকারদের অবাধ বিচরণ যানজটের অন্যতম কারণ। অন্যদিকে ফুটপাত দখল করে ভাসমান দোকান বসার কারণে স্টেশনে আসা লোকজন চলাচলে নানাবিধ সমস্যার সম্মুখীন হন। মাঝে মধ্যে ফুটপাতের ভাসমান দোকান সরানোর জন্য অভিযান পরিচালিত হয়। তবে কয়েকদিন পর পুনরায় এসব দোকান বসে যায়। এছাড়া বিভিন্ন স্টেশনে নির্দিষ্ট কোনো স্ট্যান্ড না থাকায় সড়ক ও ফুটপাত দখল করে অবস্থান করে সব ধরনের গাড়ি।

সরেজমিনে দেখা যায়, লোহাগাড়া বটতলী, পদুয়া, ঠাকুরদিঘী, আধুনগর ও চুনতি স্টেশনে মহাসড়কের উভয় পাশ বিভিন্ন ধরনের যানবাহন ও ভাসমান দোকানের দখলে। দূরপাল্লার বাসমিনিবাসসহ সব ধরনের যানবাহন সড়কের উপর থামিয়ে যাত্রী উঠানামা করে। ফলে স্টেশনের উভয় পাশে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হয়। তীব্র গরমে যানজটে আটকে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। কিন্তু যানজট নিরসনে ট্রাফিক পুলিশের দৃশ্যমান কোনো ভূমিকা পালন করতে দেখা যায় না। স্থানীয়রা অভিযোগ করে জানান, লোহাগাড়ার স্টেশনগুলোতে যানজটের একাধিক কারণের মধ্যে অন্যতম হল সড়কের উপর দাঁড়িয়ে বাসে যাত্রী উঠানামা করা। যার ফলে যানজটে আটকা পড়ে যাত্রীরা নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে পারেন না। এতে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয়। ভুক্তভোগীরা অনতিবিলম্বে মহাসড়কের লোহাগাড়া অংশের প্রতিটি স্টেশনের পরিবেশ উন্নয়ন, যানজট নিরসন ও যত্রতত্র অবৈধ স্ট্যান্ড সরানোসহ মহাসড়ক ঘেষা গাড়ি মেরামতকারী গ্যারেজ অপসারণের দাবি জানিয়েছেন।

নিরাপদ সড়ক চাই লোহাগাড়া শাখার সভাপতি মোজাহিদ হোসাইন সাগর জানান, ট্রাফিক পুলিশ ও হাইওয়ে থানা পুলিশের দায়িত্ব অবহেলার কারণে মহাসড়ের লোহাগাড়া সীমানায় প্রতিটি স্টেশনে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। যানজট নিরসনে স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।

লোহাগাড়া ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) তরুণ চাকমা জানান, স্টেশনে যানজট নিরসনে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। সড়কের উপর দাঁড়িয়ে যাত্রী উঠানামা করলে আইনানুগ ব্যবস্থা করে থাকি। ট্রাফিক পুলিশের জনবল সংকট রয়েছে, তাই প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা সম্ভব হয় না।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মুহাম্মদ এরফান জানান, মহাসড়কে চলাচলরত অবৈধ যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে। এছাড়া স্টেশনে সড়কের উপর দাঁড়িয়ে যেসব গাড়ি যাত্রী উঠানামা করে, যানবাহন চলাচলে ব্যাঘাত সৃষ্টি করে, এসব যানবাহনকেও আইনের আওতায় আনা হবে।

পূর্ববর্তী নিবন্ধপ্ল্যান ছাড়াই নগরীতে কয়েক হাজার ভবন
পরবর্তী নিবন্ধবস্তায় আদা চাষ, কৃষিতে নতুন সংযোজন