লোহাগাড়ায় মাটিখেকোদের তথ্য সরবরাহের অপরাধে রেজাউল করিম নামে এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তিনি উপজেলার চরম্বা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নুর কাশেম বাড়ির মৃত নুর আহমদের পুত্র।
সোমবার (২ মার্চ) গভীর রাতে উপজেলার চরম্বা ইউনিয়নে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।
তিনি জানান, কৃষিজমির টপসয়েল কাটার খবরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সেভেটর জব্দ হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে মাটিখেকোরা পালিয়ে যায়। তবে তাদেরকে অভিযানের তথ্য সরবরাহ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় রেজাউল করিম নামে এক যুবককে ৭ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া অবৈধভাবে পাচার করার সময় গাছ ভর্তি একটি ট্রাকও জব্দ করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।
অভিযানে সাথে ছিলেন উপজেলা প্রশাসনের সহকারী প্রশাসনিক কর্মকর্তা ফয়সাল আমীরসহ সেনাবাহিনী, থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।












