লেবুর দাম তিন-চার গুণ বেশি

মীরসরাই প্রতিনিধি | বুধবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:২৭ পূর্বাহ্ণ

রমজানকে ঘিরে মীরসরাইয়ে লেবুর দাম তিন থেকে চারগুণ বেড়ে গেছে। তিন দিন আগে এক হালি লেবু বিক্রি হয়েছে ৩০ থেকে ৪০ টাকায়। এখন সেই লেবুই বিক্রি হচ্ছে ১০০ টাকায়। ভরা মৌসুমেও এবার টমেটোর দাম কমেনি। প্রতি কেজি ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ গত বছর এ সময়ে টমেটোর দাম ছিল ২০ টাকা কেজি। লেবুর দাম বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা। তবে গত কয়েক বছরের তুলনায় শসা ও বেগুনের দাম সহনীয় রয়েছে। কাঁচা মরিচের দাম বেড়ে প্রতি কেজি ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। গতকাল মঙ্গলবার উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে প্রতি কেজি চিকন বেগুন ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটো ৬০ থেকে ৭০ টাকা, গাজর ৪০ থেকে ৫০ টাকা, মুলা ২০ থেকে ৩০ টাকা, পেঁপে ৩৫ থেকে ৪০ টাকা এবং শসা ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ গত বছর এ সময়ে টমেটোর দাম ছিল ২০ টাকা কেজি। রোজার ইফতারে শরবতের অন্যতম অনুষঙ্গ লেবু। কিন্তু রোজা শুরু হওয়ার আগেই লেবুর জন্য গুনতে হচ্ছে বাড়তি টাকা।

জানা গেছে, বাজারে এখন এক হালি (৪টি) মাঝারি আকারের লেবু ১০০ টাকার কমে পাওয়া যাচ্ছে না। জাতভেদে ছোট আকারের লেবুর হালি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে বড়, মাঝারি ও ছোটতিন ধরনের লেবু পাওয়া যাচ্ছে। সবচেয়ে বড় লেবুর হালি ১০০ টাকা, ছোট লেবু ৮০ টাকা।

কামাল উদ্দিন নামে এক লেবু ব্যবসায়ী বলেন, কিছুদিন আগেও এক বস্তা লেবুর দাম ছিল ১ হাজার ২০০ থেকে ২ হাজার টাকা। এখন কিনতে হচ্ছে সাড়ে ৫ হাজার থেকে ৬ হাজার টাকায়। বেশি দামে কেনা, তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। প্রতি বস্তায় ১ হাজার ৮০০ থেকে ২ হাজার লেবু থাকে।

করেরহাটের লেবু বাগানের মালিক আবুল হোসেন বলেন, এখন লেবুর মৌসুম নয়, তাই দাম বেশি। উৎপাদন খরচও বেড়েছে। চাষিদের কাছ থেকেই বেশি দামে কিনতে হচ্ছে, তাই বেশি দামে বিক্রি করা হচ্ছে। তার মতে, বৃষ্টির মৌসুমে লেবুর দাম কমে যাবে। তখনই লেবুর মূল মৌসুম। ফলন বেশি হলে দামও কমে যায়। পাইকারি আড়তে বড় আকারের প্রতি পিস লেবু ১৫ থেকে ১৮ টাকায় এবং ছোট সাইজের লেবু ১২ থেকে ১৩ টাকায় বিক্রি হচ্ছে বলেও জানান তিনি।

রমজানে লেবুর চাহিদা বেশি থাকে। তবে এবার এখনো লেবুর মৌসুম শুরু হয়নি। এমন সময়ে রোজার মাস পড়ায় দাম কমার সম্ভাবনা কম বলে জানান এই ব্যবসায়ী।

ক্রেতাদের অভিযোগ, রমজান এলেই নিত্যপণ্যের দাম বাড়ানো হয়। মীর হোসেন নামে এক ক্রেতা বলেন, রমজান এখনো শুরু হয়নি, এরই মধ্যে লেবুর দাম বেড়ে গেছে। রোজা শুরু হলে দাম আরও বাড়তে পারে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে রোজা শুরু আজ
পরবর্তী নিবন্ধ৩৫ বছর পর ফের শপথ পড়ালেন সিইসি