লেবানন যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত হবে না : নেতানিয়াহু

| বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ at ৭:৫৭ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রেও কার্যকর হবে কি না, তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। লেবানন এ যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত হবে না বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। লেবানন যুদ্ধবিরতির আওতায় থাকলে ইসরায়েলকে দেশটিতে হামলা বন্ধ করতে হবে। কিন্তু ইসরায়েলের সে ধরনের কোনো ইচ্ছা যে নেই তা নেতানিয়াহুর দাবি থেকে স্পষ্ট হচ্ছে। খবর বিডিনিউজের।

গতকাল বুধবার ইসরায়েলি গণমাধ্যমের বরাতে রয়টার্স জানায়, নেতানিয়াহু বলেছেন যে, তার দেশ দুই সপ্তাহের জন্য ইরানের বিরুদ্ধে হামলা স্থগিত রাখার ট্রাম্পের সিদ্ধান্তকে সমর্থন করে, কিন্তু লেবানন এই যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত না।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন, ইরান ও যুক্তরাষ্ট্র, তাদের মিত্রদের নিয়ে ‘লেবানন ও অন্যান্য অঞ্চলসহ সব জায়গায় অবিলম্বে যুদ্ধবিরতি করতে রাজি হয়েছে। এমনটি ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেটের প্রতিবেদনেও যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত থাকবে বলে জানানো হয়েছে।

কিন্তু টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ট্রাম্পের ঘোষণার চার ঘণ্টা পর নেতানিয়াহু দপ্তর এক বিবৃতি দিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানায়। কিন্তু একই বিবৃতিতে তারা জোর দিয়ে বলে, লেবানন এই যুদ্ধবিরতি আওতায় পড়বে না।

ইংরেজি ভাষায় দেওয়া এই বিবৃতিতে নেতানিয়াহুর দপ্তর বলেছে, ইরান অবিলম্বে প্রণালি খুলে দেবে আর যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও এই অঞ্চলের দেশগুলোতে আক্রমণ বন্ধ করবে। এর ভিত্তিতে ইরানের বিরুদ্ধে হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত রাখার প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তকে সমর্থন করে ইসরায়েল। ইরান আর আমেরিকা, ইসরায়েল, ইরানের আরব প্রতিবেশী ও বিশ্বের প্রতি কোনো পারমাণবিক, ক্ষেপণাস্ত্র ও সন্ত্রাসী হুমকি হয়ে থাকবে না, এটি নিশ্চিত করার মার্কিন প্রচেষ্টাকেও ইসরায়েল সমর্থন করে। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে জানিয়েছে যে, আসন্ন আলোচনায় এই লক্ষ্যগুলো অর্জনে তারা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে, যা যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইসরায়েলের আঞ্চলিক মিত্র, সবারই দাবি। এই দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত না।

যুদ্ধবিরতি ঘোষিত হলেও এর আওতা ও তা পুরোপুরি কার্যকর হতে কতক্ষণ লাগবে তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টা পরও ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া গেছে।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্র এখন আগের চেয়েও খারাপ অবস্থায়
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় বজ্রপাতে ৩ গরুর মৃত্যু