লেবাননজুড়ে গত ৮ এপ্রিল ইসরায়েলের চালানো ভয়াবহ বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এই সামরিক তৎপরতা বর্তমান যুদ্ধবিরতি এবং এ অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে বলে সতর্ক করেছেন তিনি। খবর বিডিনিউজের।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ৮ এপ্রিল লেবাননজুড়ে ইসরায়েলের ব্যাপক হামলার দ্ব্যর্থহীন নিন্দা জানাচ্ছেন অ্যান্তোনিও গুতেরেস। তিনি সব পক্ষকে অবিলম্বে শত্রুতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এসব হামলায় শিশুসহ শত শত বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন এবং বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেসামরিক নাগরিকদের এই ক্রমবর্ধমান প্রাণহানিতে গুতেরেস গভীরভাবে উদ্বিগ্ন এবং তিনি লেবানন সরকারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি আরও বলেন, এই সংকটের কোনো সামরিক সমাধান নেই।














