লেবাননের দক্ষিণাঞ্চলে একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় ১২ জন চিকিৎসা কর্মী নিহত হয়েছে, জানিয়েছে দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়। ১৫ দিন আগে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের মধ্যে লেবাননে ধারাবাহিক হামলা চালাচ্ছে মধ্যপ্রাচ্যের একমাত্র ইহুদি রাষ্ট্রটি। খবর বিডিনিউজের।
এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানায়, শুক্রবার গভীর রাতে বিনত জবেইল জেলার বুর্জ কালাউইয়াহ গ্রামে এই হামলা চালানো হয়। নিহতদের মধ্যে চিকিৎসক, চিকিৎসা কর্মী ও নার্স রয়েছে, যারা ওই সময় দায়িত্বরত ছিলেন। আল জাজিরা জানায়, গাজায় ইসরায়েলি বাহিনীর যে অভিযান চালিয়েছিল, সেখানেও তাদের বিরুদ্ধে বারবার চিকিৎসা কর্মীদের লক্ষ্যস্থল করার অভিযোগ উঠেছিল। আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করে লেবাননেও একই ধরণের হামলার পুনরাবৃত্তি ঘটছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন, ইসরায়েলি হামলার পর ২ মার্চ থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে নতুন করে লড়াই শুরু হয়। এরপর থেকে এ পর্যন্ত লেবাননে ৭৭৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৮ জন চিকিৎসাকর্মী।












