লিডার্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক আন্ত হাউস বাংলা ও ইংরেজি অলিম্পিয়াড সম্পন্ন হয়েছে। ২১ ফেব্রুয়ারি এই অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে সকাল থেকে প্রতিষ্ঠান প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ৮টায় প্রভাতফেরির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। ঐতিহাসিক গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’ সঙ্গীতের সুরে শিক্ষার্থীরা প্রভাতফেরিতে অংশ নেয়। শুরুতেই অধ্যক্ষ, উপাধ্যক্ষ, স্কুল লিডার ও ডেপুটি স্কুল লিডারেরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে স্কুলের হাউস ইনচার্জ, হাউস লিডার, রেড ক্রিসেন্ট ও গার্ল গাইডস সদস্যরাও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং একুশের দেয়ালিকা উদ্বোধন, আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক ওমর কায়সার। তিনি সকাল সাড়ে ৮টায় তিনটি হাউসের প্রস্তুতকৃত দেয়ালিকা উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের সৃজনশীল উপস্থাপনার প্রশংসা করেন। আন্তঃহাউস দেয়ালিকা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় জাহাঙ্গীর হাউস এবং রানারআপ হয় হামিদ হাউস। প্রতিষ্ঠানের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্নেল আবু নাসের মো. তোহা। তিনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য ও ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরে শিক্ষার্থীদের মাতৃভাষার মর্যাদা রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে আন্তঃহাউস বাংলা অলিম্পিয়াড, ইংরেজি অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতা, হাতের লেখা প্রতিযোগিতা এবং দেয়ালিকা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












