সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ট্যালেন্ট কাপ টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে লিটল ব্রাদার্স এবং সেবা নিকেতন প্রথম জয়ের দেখা পেয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় লিটল ব্রাদার্স ৪ উইকেটে কে এম স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। প্রথম তিনটি খেলায় লিটল ব্রাদার্স পরাজিত হয়ে এ প্রথম জয় পেল। অন্যদিকে কে এম স্পোর্টিং প্রথম দুটি খেলায় জয় পেলেও তৃতীয় খেলায় এসে হার মানলো। টসে জিতে কে এম স্পোর্টিং প্রথম ব্যাট করতে নামে। ১৯.৪ ওভার খেলে সব উইকেট হারিয়ে তারা ১০১ রান সংগ্রহ করে। দলের পক্ষে দুর্জয় দে ২৭ বলে সর্বোচ্চ ৪২ রান করেন। ৪টি চার এবং ২টি ছক্কা মারেন তিনি। অন্যদের মধ্যে রাফি উদ্দিন ১৫, মো. জয় ১৪ এবং মো. আসিফ ১০ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১০ রান। লিটল ব্রাদার্সের পক্ষে পারভেজ মিয়া ১৩ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন। ২টি করে উইকেট পান সাব্বির হাসান এবং ওমর ফারুক। জবাবে লিটল ব্রাদার্স ১৭.৩ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ১০৪ রান তুলে নেয়। দলের পক্ষে আরভাজ খান ২১,ইবনুল মাহিন ১২, তৌফিক অপ. ১২ রান করেন। ১০ রান করে সংগ্রহ করেন মো. সিজান এবং আমিনুল ইসলাম আরাফাত। অতিরিক্ত থেকে জমা হয় ১৫ রান। কে এম স্পোর্টিংয়ের পক্ষে ২টি উইকেট পান ইশতিয়াক মাহমুদ। প্লেয়ার অব দি ম্যাচ হন লিটল ব্রাদার্সের পারভেজ মিয়া। তার হাতে পুরস্কার তুলে দেন কে এম স্পোর্টিংয়ের ম্যানেজার মো. সালাউদ্দিন এবং সাবেক ক্রিকেটার সাদাত আনোয়ার। দিনের দ্বিতীয় খেলায় সেবা নিকেতন ৫০ রানে ইয়ং স্টার ক্লাবকে পরাজিত করে। ইয়ং স্টার টানা তিন খেলা হারার পর প্রথম জয় পেল। অন্যদিকে ইয়ং স্টার প্রথম তিন খেলা জয়ের পর এ প্রথম পরাজিত হলো। টসে জিতে ব্যাট করতে নেমে সেবা নিকতেন ২০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ১২৯ রান তোলে। দলের অলি উদ্দিন ৩৪ বলে সর্বোচ্চ ৪৪ রান করেন। ৪টি চার এবং ২টি ছক্কা মারেন তিনি।
এছাড়া আজরাত ইন্তাসার ১৯,আরিফুর রহমান অপ.১৫ এবং হায়দার আলী ১১ রান করেন। ১০ রান করে সংগ্রহ করেন হামিম সাফায়েত এবং নাইম উদ্দিন। অতিরিক্ত থেকে জমা হয় ১৩ রান। ইয়ং ষ্টার ক্লাবের পক্ষে সুমন ২৭ রান দিয়ে ৪ উইকেট দখল করেন। ২টি উইকেট পান সাফায়েত। জবাবে ইয়ং স্টার ক্লাব ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ৭৯ রান তোলে। দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহ করেন ৮ নম্বর ব্যাটার মারুফ। তিনি ২৪ রানে অপরাজিত থাকেন। এছাড়া তালহা ১৯ এবং ইফতেখার ১০ রান করেন। বাকিরা কেউ দু’অংকের ঘরে যেতে পারেননি। সেবা নিকেতনের নাইম উদ্দিন ৪ ওভার বল করে ১ মেডেনে মাত্র ৫ রান দিয়ে ৪ উইকেট পান। ২টি উইকেট নেন সাদ্দাম হোসেন। প্লেয়ার অব দি ম্যাচ হন সেবা নিকেতনের নাইম উদ্দিন। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর এনামুল হক এবং সাবেক ক্রিকেটার রেজাউল করিম রাজিব।












