লিটনের হাফ সেঞ্চুরিতে জিতল সারে জাগুয়ার্স

| বৃহস্পতিবার , ৩ আগস্ট, ২০২৩ at ৫:৩০ পূর্বাহ্ণ

টানা তিন ম্যাচে কোন রান পাননি লিটন দাশ। তবে চতুর্থ ম্যাচে এসে কানাডার গ্লোবাল টিটোয়েন্টি লিগে প্রথম হাফ সেঞ্চুরির দেখা পেলেন বাংলাদেশের ওপেনার লিটন দাস। তার ৫৯ রানের উপর ভর করে গত মঙ্গলবার রাতে সারে জাগুয়ার্স ৬ উইকেটে হারিয়েছে ব্রাম্পটন উলভসকে। প্রথম তিন ম্যাচে মাত্র ৫৫ রান করেছিলেন লিটন। ব্রাম্পটনে নিজেদের চতুর্থ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করতে নামে সারে। দুর্দান্ত বোলিং নৈপুণ্যে ব্রাম্পটনকে বড় স্কোর করতে দেয়নি সারের বোলাররা। ২০ ওভারে ৯ উইকেটে ১২৮ রানে মামুলি সংগ্রহ পায় ব্রাম্পটন। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন নিউজিল্যান্ডের কলিন ডি গ্র্যান্ডহোম। সারের খালিদফোর্ড ও আয়ান ২টি করে উইকেট নেন।

১২৯ রানের টার্গেটে শুরুতেই চাপে পড়ে সারে। ২১ রানে ৩ উইকেট হারায় তারা। চতুর্থ উইকেটে দলের অধিনায়ক পাকিস্তানের ইফতেখার আহমেদকে নিয়ে ব্রাম্পটনের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তোলেন লিটন। জুটির গড়ার চেষ্টায় সফল হন ইফতেখার ও লিটন। ১৬তম ওভারের দ্বিতীয় বলে বাউন্ডারি দিয়ে দলের রান ১শ ও ব্যক্তিগতভাবে হাফ সেঞ্চুরির স্বাদ নেন লিটন। হাফ সেঞ্চুরি পেতে ৪০ বল খেলেছেন লিটন। ১৮তম ওভারে কানাডার স্পিনার শহিদ আহমেদজাইর বলে আউট হওয়ার আগে ৩টি করে চারছক্কায় ৪৫ বলে ৫৯ রান করেন লিটন। লিটন যখন ফিরেন তখন ৯ রান দরকার ছিলো সারের। আয়ানকে নিয়ে বাকী কাজটুকু সারেন ইফতেখার। ১টি চার ও ২টি ছক্কায় ৪১ বলে অপরাজিত ৩৮ রান করেন ইফতেখার। ম্যাচ সেরা হন লিটন। ৬ ম্যাচে ৩ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে উঠলো লিটনের সারে।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটিতে ব্যবসায় প্রশাসনের আন্তঃব্যাচ ফুটবল সম্পন্ন
পরবর্তী নিবন্ধএক সপ্তাহ বিশ্রামের পর জানা যাবে তামিমের অবস্থা