বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। পাকিস্তানের সংবাদমাধ্যম থেকে জানা গেল, রোববার সকালে লাহোরে পৌঁছেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের পাকিস্তানের ঘোষণা নিয়ে চলমান টানাপোড়েনেই মধ্যেই তার এই সফর। সফরের কারণ নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে কিছুটা ধারণা দিয়েছেন বিসিবি পরিচালক ও বোর্ডের মিডিয়া বিভাগের প্রধান আমজাদ হোসেন। ‘আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভায় অংশ নিতে লাহোরে গেছেন বিসিবি সভাপতি। আজকে স্থানীয় সময় বিকেল ৪টায় সভাটি শুরু হওয়ার কথা। সভা শেষেই আবার ফিরে আসবেন তিনি।’ আইসিসি ও পিসিবির জরুরি সভায় বিসিবির সভাপতির ভূমিকা কী, কোন পক্ষের আমন্ত্রণে তিনি সেখানে গেছেন, তা কিছু জানাতে পারেননি বিসিবির এই পরিচালক। বিসিবি সভাপতি ফেরার পর বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি। পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর, পিসিবির সঙ্গে বৈঠকের জন্য লাহোরে গেছেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাওয়াজা। বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচ নিয়ে আলোচনার সঙ্গে আইসিসি থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে গত কিছুদিনে খবর প্রকাশিত হয়েছে এই দুই দেশের সংবাদমাধ্যমেই। রোববারের সভায় ইমরান খাওয়াজার সঙ্গে অনলাইনে আইসিসির প্রধান নির্বাহী সাঞ্জোগ গুপ্তা থাকতে পারেন বলেও জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম। চলতি টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়ার পর পাকিস্তান সরকার ঘোষণা দেয়, বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে না তারা। বিশ্বমঞ্চে ভারত–পাকিস্তানের ক্রিকেটীয় লড়াই অনেক বছর ধরেই হয়ে উঠেছে একতরফা। সেখানে ভারতেরই জজয়জয়কার। তবে দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে বাণিজ্যিক দিক থেকেও বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ এটিই। এই ম্যাচ না হওয়া মানে প্রবল আর্থিক ক্ষতি সংশ্লিষ্ট সব পক্ষেরই।











