লামায় লাকড়ি বোঝাই জিপ খাদে, চালক-সহকারী নিহত

কর্ণফুলীতে মোটরসাইকেল আরোহী আইনজীবী ও খাগড়াছড়িতে সাইকেল আরোহী শিশুর মৃত্যু

বান্দরবান, কর্ণফুলী ও খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ১৪ মার্চ, ২০২৬ at ৯:৪৪ পূর্বাহ্ণ

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিখালী ইউনিয়নে লাকড়ি বোঝাই জিপ খাদে উল্টে চালক ও সহকারী নিহত হয়েছে। খাগড়াছড়ির মানিকছড়ি মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণি পড়ুয়া এক শিশুর। অন্যদিকে কর্ণফুলী উপজেলার বড়উঠান এলাকায় উল্টোপথে আসা একটি ট্রাকের ধাক্কায় এক আইনজীবীর মৃত্যু হয়েছে।

লামার ঘটনায় নিহতরা হলেন, জিপটির চালক বাশখাইল্যা ঝিরি এলাকার মো. আলমগীর ও সহকারী হাইক্কাঝিরি এলাকার আনোয়ার হোসেন। এ ঘটনায় আহত হয়েছেন ঠান্ডাঝিরি এলাকার পুতিয়া নামের অপর এক ব্যক্তি। গত বৃহস্পতিবার রাতে ইয়াংছা আর্মি ক্যাম্পের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, ফাঁসিয়াখালী ইউনিয়নের বনপুর এলাকা থেকে অবৈধ লাকড়ি বোঝাই করে ট্রাকটি ইয়াংছার দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকটি সড়কের ইয়াংছা টার্নিং পয়েন্টে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ২০০ ফুট নিচে খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা চালক মো. আলমগীর ও আনোয়ার হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১টার দিকে দায়িত্বরত চিকিৎসক মো. আলমগীর ও আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, শুক্রবার সকালে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় লামা থানায় মামলা দায়ের হয়েছে।

খাগড়াছড়ি : খাগড়াছড়ির মানিকছড়ি মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় পিকআপের ধাক্কায় মো. আল ওয়াসি মুহাম্মদ রাফি () নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুরটি মা রোজি আক্তার পুলিশের কনস্টেবল পদে মানিকছড়ি সার্কেল অফিসে কর্মরত এবং পিতা সানোয়ার হোসেন চট্টগ্রাম রেলওয়ে পুলিশের এএসআই পদে কর্মরত রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। নিহত রাফি মানিকছড়ির গিরিকলি কিন্ডারগার্টেন এন্ড পাবলিক স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। তাদের স্থায়ী বাড়ি খাগড়াছড়ি জেলার মাটিরাঙা উপজেলার বেলছড়ি এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার দুপুর ১টার দিকে মানিকছড়ি বাজারের পুরাতন উপজেলা সড়কের দিকে যাচ্ছিল একটি পিকআপ। এমন সময় বিপরীত দিক থেকে সাইকেল চালিয়ে পাহাড় বেয়ে নেমে আসছিল রাফি। পিকআপ ও সাইকেল কোনটায় ব্রেক রাখতে না পারায় সজোরে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয় রাফি। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিকআপটি আটক করা হয়েছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

কর্ণফুলী : কর্ণফুলী উপজেলার বড়উঠান এলাকায় উল্টোপথে আসা একটি ট্রাকের ধাক্কায় কাওসার হোসেন সম্রাট (৩৫) নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বড়উঠান ডাকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম। নিহত কাওসার হোসেন সম্রাট দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক রুহুল আমিনের ছেলে। পেশায় তিনি আইনজীবী এবং পরিবারের বড় সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে চাতরী চৌমুহনী বাজার থেকে মোটরসাইকেলে করে দৌলতপুর এলাকার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন সম্রাট। পথে ডাকপাড়া এলাকায় পৌঁছালে উল্টোপথে আসা একটি অজ্ঞাত ট্রাক তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পিতা রুহুল আমিন জানান, বাজার করতে মোটরসাইকেলে করে চাতরী চৌমুহনী গিয়েছিলেন তার ছেলে। পরে দুর্ঘটনার খবর পেয়ে জানতে পারেন ছেলে আর বেঁচে নেই। শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানা গেছে, নিহত সম্রাটের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায় হলেও ছোটবেলা থেকেই পরিবারসহ কর্ণফুলীর দৌলতপুর এলাকায় বসবাস করে আসছিলেন। তার পরিবারে স্ত্রী ও তিন ও দুই বছর বয়সী দুটি কন্যা সন্তান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দরে আসে সমরাস্ত্রবাহী জাহাজ
পরবর্তী নিবন্ধএক বছর ধরে বন্ধ টেকনাফ স্থলবন্দর