বান্দরবানের লামায় বন্য হাতির আক্রমণে ক্যচিং মং মারমা (৫৯) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ত্রিশডেবা ডলুঝিরি এলাকায় ধানক্ষেতে কীটনাশক ছিটানোর সময় বন্য হাতির দল আক্রমণ চালায়। এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই কৃষকের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ক্যচিং মং মারমা বাচিং কারবারী পাড়ার বাচিং কারবারীর পুত্র। লামা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, হাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে। লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।










