লাইলাতুল বরাতে ইবাদত ও জিকিরে মুখর আমানত খান (রহ.) দরগাহ শরিফ

| বুধবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৬ at ১:০৯ পূর্বাহ্ণ

মহিমান্বিত পবিত্র লাইলাতুল বরাত উপলক্ষে আধ্যাত্মিক সাধক, কুতুবুল আকতাব, শাহান শাহে বেলায়ত, হজরত শাহ সুফি আমানত খান (রহ.)-এর দরগাহ শরিফে অগণিত আশেক, ভক্ত ও ধর্মপ্রাণ মুসলমানদের ঢল নেমেছে। সকল জাতির আস্থার ঠিকানা হিসেবে পরিচিত এই দরগাহ শরিফে প্রতিবছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র রজনীর বিভিন্ন কর্মসূচি।

দরগাহ শরিফের বর্তমান আওলাদে পাক ও সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ মোঃ হাবিব উল্লাহ খান মারুফ শাহ আল-আমানতী-এর তত্ত্বাবধানে মাজার প্রাঙ্গণে চলছে নিরবচ্ছিন্ন ইবাদত-বন্দেগী। সন্ধ্যার পর থেকেই মমিন মুসলমানরা কোরআন তেলাওয়াত, নফল নামাজ, জিকির-আসকার ও মিলাদ মাহফিলের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে মশগুল রয়েছেন।

প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও দরগাহ শরিফে আসা মেহমান ও মুসল্লিদের জন্য বিশেষ আতিথেয়তার ব্যবস্থা করা হয়েছে। সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ মোঃ হাবিব উল্লাহ খান মারুফ শাহ আল-আমানতীর পক্ষ থেকে রাত ২টা থেকে ৩টার মধ্যে উপস্থিত সকল আশেক ও ভক্তদের জন্য সেহেরির ব্যবস্থা করা হয়েছে।

এ উপলক্ষে শাহজাদা সৈয়দ মোঃ হাবিব উল্লাহ খান মারুফ শাহ আল-আমানতী বলেন, “শাহ সুফি আমানত খান (রহ.)-এর দরগাহ শরিফ যুগ যুগ ধরে সকল মানুষের মিলনমেলা ও শান্তির নীড়। পবিত্র এই রাতে আমরা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি।”

রাতের শেষ প্রহরে বিশেষ মোনাজাতের মাধ্যমে বিশ্বশান্তি ও গুনাহ মাফের আকুতি জানিয়ে এই পবিত্র রজনীর সমাপ্তি ঘটবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম-৯ আসনের ২০ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডে গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত