চট্টগ্রাম–৫ হাটহাজারী সংসদীয় আসনে গতকাল শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ১৪৩টি কেন্দ্রের কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। কয়েকটি কেন্দ্র ছাড়া বেশির ভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি আশানুরূপ ছিল না বলে প্রত্যক্ষদর্শীরা জানান। কেন্দ্রগুলোতে খুব কম সংখ্যক ভোটারদের উপস্থিতি ছিল। ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করতে হয়নি।
উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড সরকারি প্রাথামিক বিদ্যালয়, সন্দ্বীপ কলোনী ভোট কেন্দ্র, মেখল জানআলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার উপস্থিতি বিশেষ করে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল অপেক্ষাকৃত বেশি। হাটহাজারী পৌরসভার আজিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুলাল বরণ দাশ নামে ৮০ বছর বয়সী এক বৃদ্ধকে ভোট দিতে দেখা গেছে। তিনি তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে মহাখুশি বলে জানিয়েছেন। ভোটারদের উপস্থিতি কম থাকায় ভোট কেন্দ্রে দায়িত্ব প্রাপ্তদের তেমন বেগ পেতে হয়নি বলে বেশ কিছু কেন্দ্রের রিটানিং কর্মকর্তারা জানিয়েছেন। ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হলেও কেন্দ্রের বাইরে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে। প্রায় ৬৩টি কেন্দ্র সরেজমিন পরিদর্শন করে কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি। ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন গতকাল সকাল ৮টায় মীরেরখীর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র তার ভোট প্রদান করেছেন। মাওলানা নাসির উদ্দীন মুনির বেলা একটার দিকে চারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তার ভোট প্রদান করেন। বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী ভোট প্রদান করেন মেখল হাজী ছিদ্দিকীয়া ভোট কেন্দ্রে।










