জয় দিয়ে সিরিজ শুরুর লক্ষ্যে আজ বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাচটি শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ সমপ্রতি অনেক বেশি টি–টোয়েন্টি ম্যাচ খেলার পর ওয়ানডে ফরম্যাটের ছন্দে ফেরাটা টাইগারদের জন্য জরুরি। পাশাপাশি ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করাও প্রধান লক্ষ্য বাংলাদেশের। আগামী ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দলের প্রস্তুতির জন্য ভালো ব্যাটিং উইকেটও প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। প্রথম ওয়ানডের আগে মিরাজ জানান, আগামী বিশ্বকাপকে মাথায় রেখে ভালো উইকেটে খেলার অভ্যাস গড়ে তুলতে হবে আমাদের। মিরাজ বলেন, বিশ্বকাপের উইকেট সবসময় ভালো হয়ে থাকে এবং আমরা এখন থেকেই ভালো উইকেটে খেলার অভ্যাস করতে চাই।
তিনি আরও বলেন, ২০২৭ সালের বিশ্বকাপের আগে আমাদের অনেক ম্যাচ আছে। পরিকল্পনা হলো, ভালো উইকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলা। আমরা যদি ভালো উইকেটে বেশি বেশি খেলতে পারি তাহলে আমাদের জন্যই ভালো হবে। একই সাথে আমাদের এটাও মনে রাখতে হবে বিশ্বকাপে আমাদের সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে হবে। তাই আমরা যে দলগুলোর সাথে খেলব সেসব দলের বিপক্ষে আমরা ঘরের কন্ডিশনের সুবিধা নেওয়ার চেষ্টা করব।
বাংলাদেশের মাটিতে ২০১৫ সালে সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছে পাকিস্তান। ঐ সিরিজ ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান। গত বছর তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ সফর করেছিল পাকিস্তান। এ সিরিজও ২–১ ব্যবধানে হেরেছিল পাকিস্তান। সবমিলিয়ে এখন পর্যন্ত ৩৯টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এরমধ্যে বাংলাদেশের জয় ৫টিতে, পাকিস্তান জিতেছে ৩৪ ম্যাচে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ৫ জয়ের চারটি এসেছে ২০১৫ সালে।
তবে অতীত রেকর্ড খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। কারণ ওয়ানডেতে শক্তিশালী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে টাইগাররা। কিন্তু ওয়ানডেতে বাংলাদেশের সামপ্রতিক পারফরমেন্স হতাশাজনক। তারপরও পাকিস্তানের বিপক্ষে ফেভারিট হিসেবেই শুরু করবে বাংলাদেশ। কারণ ঘরের মাঠের সুবিধা ও রেকর্ডে এগিয়ে টাইগাররা। পাশাপাশি এবার অনভিজ্ঞ দল নিয়ে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান।
পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বলেন, অবশ্যই, ঘরের মাঠে যেকোনো দলই বাড়তি আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামে। এটা খুবই স্বাভাবিক। আমার মনে হয়, বাংলাদেশের একটি ভালো দল আছে এবং তারা হোম কন্ডিশনে খুব ভালো ক্রিকেট খেলে থাকে। তিনি আরও বলেন, ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও অন্যান্য দলকে হারিয়েছে বাংলাদেশ। আমরা দল হিসেবে প্রস্তুত। দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে আমরা সর্বশেষ দুই ওয়ানডে সিরিজ জিতেছি। সমপ্রতি ওয়ানডেতে আমরা ভালো খেলেছি। সেই ধারা অব্যাহত রাখতে চাই।









