বান্দরবানের রোয়াংছড়িতে ট্রাক চাপায় বোমাং সার্কেলের পাড়া প্রধানের (কার্বারির) মৃত্যু হয়েছে। তার নাম নিথোয়াইর উ মারমা (৫০)। সে উপজেলার তারাছা ইউনিয়নের হিমাগিরি পাড়া কার্বারি। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত কার্বারি হিমাগিরি পাড়ার মংচপ্রু মারমার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তারাছা ইউনিয়নের রাস্তা দিয়ে হাঁটার সময় একটি ট্রাক পাড়া কার্বারিকে চাপা দেয়। খবর পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির জানান, ট্রাক চাপায় নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।












