কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দু’পক্ষের গোলাগুলিতে দেলোয়ার হোসেন নামের এক রোহিঙ্গা নিহত হয়েছে। গতকাল সোমবার ভোরে উপজেলার রাজা পালং ইউনিয়নের কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের ই ব্লক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক দেলোয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা বশির আহমদের ছেলে। তিনি মুন্না গ্রুপের সক্রিয় সদস্য বলে জানা গেছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ক্যাম্পের মাঝিরা জানান, রবিবার গভীররাতে উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লকে আরএসও ও মুন্না গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মুন্না গ্রুপের সদস্য দেলোয়ার গুলিবিদ্ধ হন। রোহিঙ্গারা প্রথমে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্বার করে ক্যাম্পসংলগ্ন গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়। ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ এপিবিএন পুলিশের সহকারী পুলিশ সুপার জানান, গোলাগুলির শব্দ শুনে পুলিশের টহল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে হামলাকারীরা আগেই পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা যায়নি। রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রোহিঙ্গারা। এ ব্যাপারে উখিয়া থানার ওসি মো. জিয়াউল হক বলেন, ঘটনায় জড়িতদেরকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।











