রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল ৪০ বসতি, নিহত ১

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:০৫ পূর্বাহ্ণ

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে সোনা বানু নামের এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন। আগুনে অন্তত ৪০টি রোহিঙ্গা বসতি পুড়ে গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক সৈয়দ মো. মোরশেদ হোসেন বলেন, মধ্যরাত ৩টার দিকে রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার সংবাদ পাই। দ্রুত উখিয়া থেকে ৩টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। এছাড়াও কক্সবাজার ও রামু থেকে আরও ৩টি ইউনিট যোগ দেয়। সবমিলিয়ে ৬টি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, গভীর রাতে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ঘুমন্ত বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে দিগ্‌িবদিক ছুটোছুটির সময় সৃষ্ট হুড়োহুড়ি ও ধস্তাধস্তিতে গুরুতর আহত হন সোনা বানু। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১৪ ব্লকে অবস্থিত একটি এনজিও ফোরামের কার্যালয় থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম চলছে।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ডলার ত্রিপুরা বলেন, অগ্নিকাণ্ডে প্রায় ৪০টি ঝুপড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব বদলে দেওয়া ব্রেইন চিপ ‘চূড়ান্ত মুহূর্তে’
পরবর্তী নিবন্ধজনগণের ভালোবাসা-দোয়ায় বিজয়ী হয়েছি : সরোয়ার আলমগীর