বাংলাদেশে বসবাসকারী রোহিঙ্গাদের মানবিক সহায়তায় জাপান জাতিসংঘ জনসংখ্যা তহবিলকে (ইউএনএফপিএ) ৫০০ মিলিয়ন ইয়েন (প্রায় ৩.২ মিলিয়ন মার্কিন ডলার) অর্থ সহায়তা দিচ্ছে। এর মাধ্যমে রোহিঙ্গা মানবিক সংকটে নিজেদের দৃঢ় অবস্থানের কথা পুনরায় নিশ্চিত করেছে জাপান। দুই বছর মেয়াদি নতুন এই প্রকল্পের লক্ষ্য হলো– কঙবাজার ও ভাসানচরে নারী ও কিশোর–কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও অধিকার নিশ্চিত করা। জাপানের এই অর্থায়নে রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয়দের জন্য অত্যন্ত প্রয়োজনীয় জীবনরক্ষাকারী যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার এবং জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক সেবাগুলো অব্যাহত রাখতে সক্ষম হবে। খবর বাসসের।
রোহিঙ্গা সংকট এখনও বিশ্বের অন্যতম দীর্ঘস্থায়ী মানবিক সংকট হিসেবে রয়ে গেছে। কঙবাজারে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী রয়েছে। এছাড়াও সেখানে রয়েছে অসহায় স্থানীয় জনগোষ্ঠী।
২০২৪ সাল থেকে নতুন করে প্রায় ১ লাখ ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসেছে, যাদের অর্ধেকের বেশিই নারী ও কন্যাশিশু। এই ক্রমবর্ধমান চাহিদা সত্ত্বেও, সাম্প্রতিক সময়ে তহবিলের সংকট প্রকট হয়ে উঠেছে, যার ফলে ২০২৫–২০২৬ সালের রোহিঙ্গা মানবিক সংকটের ‘যৌথ সাড়াদান পরিকল্পনা (জেআরপি)’ উল্লেখযোগ্যভাবে অর্থ সংকটে পড়েছে।
সাম্প্রতিক সময়ে তহবিলের তীব্র ঘাটতির কারণে রোহিঙ্গাদের সেবায় নিয়োজিত সরকারি ছয়টি স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে গেছে। এর ফলে মিডওয়াইফের সংখ্যা ১৬ শতাংশ এবং জেন্ডারভিত্তিক সহিংসতা (জিবিভি) মোকাবিলায় নিয়োজিত কর্মীদের সংখ্যা ৫০ শতাংশের বেশি হ্রাস পেয়েছে। এই সংকটকালীন সময়ে জাপানের এই সময়োপযোগী অনুদান একটি গুরুত্বপূর্ণ লাইফলাইন হিসেবে কাজ করবে। এর মাধ্যমে ইউএনএফপিএ প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষ সরাসরি সেবা প্রদানের পাশাপাশি ২৪ ঘণ্টা জরুরি প্রসূতি সেবা চালু থাকবে, জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবিলা ও মানসিক স্বাস্থ্য সহায়তা পাওয়া যাবে।
ইউএনএফপিএ’র প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং বলেন, নারী ও মেয়েদের জন্য সংকটময় সময়ে জাপানের এই সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ইউএনএফপিএ–কে সেই সকল জীবন রক্ষাকারী সেবা সচল রাখতে সহায়তা করবে, যা নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করে, নতুবা তারা প্রয়োজনীয় সেবা পাওয়ার ক্ষেত্রে ভয়াবহ সংকটের মুখে পড়ত। জাপানের এই নীতিগত ও ধারাবাহিক সহায়তার জন্য আমরা তাদের কাছে গভীরভাবে কৃতজ্ঞ।
জাপানের অর্থায়নে ইতোপূর্বে পরিচালিত উদ্যোগগুলোর দৃশ্যমান সাফল্যের ওপর ভিত্তি করেই এই নতুন ধাপটি শুরু হয়েছে। কঙবাজার ও ভাসানচরে ইউএনএফপিএ সমর্থিত সেবা কেন্দ্রগুলো থেকে ইতোমধ্যে ৩৮ হাজারেরও বেশি নারী ও কন্যাশিশু প্রয়োজনীয় সেবা গ্রহণ করেছেন, যা জরুরি স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে বড় ভূমিকা রাখছে।









