রোগীকল্যাণ সমিতির তহবিলে দান করলে অসহায় রোগীরা উপকৃত হবে

আলোচনা সভায় বক্তব্য

| বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সমাজসেবা কার্যালয়াধীন রোগীকল্যাণ সমিতির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ২৩ ফেব্রুয়ারি ‘ইসলামের দৃষ্টিতে যাকাত ও রোগীকল্যাণে যাকাতের অর্থ ব্যবহার’ শীর্ষক এক আলোচনা সভা, যাকাত সংগ্রহ এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি ও চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন চবি আরবী বিভাগের চেয়ারম্যান ও সিডিএ জামে মসজিদের খতিব প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার। হাফেজ মোহাম্মদ আমান উল্ল্যাহরর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন রোগীকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অভিজিৎ সাহা। হাফেজ মোহাম্মদ আমান উল্যাহর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল্লাহ, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালকের প্রতিনিধি সহকারী পরিচালক ওয়াহীদুল আলম, সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালকের প্রতিনিধি সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন, সমাজসেবা অফিসার রাশনা শারমীন, প্রিয়ংকা মুহুরী, সহসভাপতি ডা. তৈয়ব সিকদার, জিয়াউদ্দিন খালেদ চৌধুরী, জাহাঙ্গীর মোস্তফা, রোকেয়া জামান, মুজিবুল হক ছিদ্দিকী বাচ্চু মাহামুদুল হাসান, ডা. এম এ মান্নান, ডা. এম এ জাফর, খোরশেদ আনোয়ার চৌধুরী, অধ্যাপক নঈম কাদের প্রমুখ।

বক্তারা বলেন, আমরা সব জায়গায় সবকাজে প্রচুর অপব্যয় করি। কোথাও কোথাও লোক দেখানো সমাজসেবা করি। এসব খরচ বর্জন করে রোগীকল্যাণ সমিতির তহবিলে দান করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে।বক্তাগণ রোগীকল্যাণ সমিতির বিগত সময়গুলোর কাজের প্রশংসা করেন এবং রোগীকল্যাণ সমিতির সকল কাজে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। প্রধান আলোচক ইসলামে যাকাতের গুরুত্ব, কাদের জন্য যাকাত ফরজ এবং কোথায় কোথায় যাকাত প্রদান করা যায় তা কোরান ও হাদিসের আলোকে ব্যাখ্যা করেন। প্রফেসর ড. গিয়াসউদ্দিন তালুকদার বলেন, রোগীকল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে অসহায় মানুষের জন্য অত্র হাসপাতালে কাজ করে যাচ্ছে। এ সমিতির কিছু ব্যতিক্রমধর্মী কাজ রয়েছে যা সাধারণত কোথাও হয়না যেমন মৃত মহিলাদের শরীয়ত সম্মতভাবে গোসল ও কাফন। তিনি দুস্থ রোগীদের কল্যাণে রোগীকল্যাণ সমিতির তহবিলে যাকাত প্রদান করার জন্য সকলের প্রতি আহবান জানান। সভাপতির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বলেন, ১৯৬২ সাল থেকে রোগীকল্যাণ সমিতি অসহায় রোগীদের জন্য কাজ করছে। শুধু দরিদ্র রোগীদের সহায়তা নয়, প্রয়োজনে কাউন্সেলিংও করে থাকে। বিভিন্ন ওয়ার্ডেও বিভিন্ন সময় সহযোগিতা করে থাকে। সম্প্রতি নতুন ৩০ শয্যার আইসিইউতে প্রয়োজনীয় ৫০ টি সিরিঞ্জ পাম্প প্রদান করে আইসিউগুলো চালু করতে সহযোগিতা করেছে।

রোগীকল্যাণ সমিতির সহযোগিতায় নাসির উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের অর্থায়নে নিউরোসার্জারি ওয়ার্ডে ১০ শয্যার আইসিইউ স্থাপন চট্টগ্রামবাসীর জন্য একটি আশীর্বাদ। প্রতিদিন প্রায় শতাধিক রোগী সহায়তা পাচ্ছেন রোগীকল্যাণ সমিতি হতে। আমাদের এসব কাজে প্রয়োজন প্রচুর অর্থ। তিনি সকলকে রোগীকল্যাণ সমিতির সাথে থাকার এবং রোগীকল্যাণ সমিতির তহবিল গঠনে সহায়তা করার আহ্বান জানান। শেষে রোগীকল্যাণ সমিতির যাকাত ও দান তহবিলে আগ্রহী দাতাবৃন্দ নগদ ও চেকের মাধ্যমে প্রায় ১০ লক্ষ টাকা প্রদান করা হয়। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক, চিকিৎসক, সমিতির আজীবন সদস্যবৃন্দ, দাতাবৃন্দ, সরকারী বেসরকারী দপ্তরের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ। মোনাজাত পরিচালনা করেন প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধমাদ্রাসার শিশু শিক্ষার্থীদের সাথে বন্ধন লিও ক্লাবের ইফতার