রেল কর্মকর্তার অবৈধ স্থাপনাসহ ১৬৮ ঘর ও দোকান উচ্ছেদ

আইস ফ্যাক্টরি রোডে অভিযান

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৭ আগস্ট, ২০২২ at ৫:২৭ পূর্বাহ্ণ

দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রামে গণশুনানিতে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করে রেলের এক কর্মকর্তা ভাড়া দিচ্ছেন বলে অভিযোগ করা হলে দুদক কর্মকর্তা বিষয়টি দেখার জন্য রেলের উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে গতকাল রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ চট্টগ্রাম স্টেশন কলোনি (আইস ফ্যাক্টরি রোড) অভিযান পরিচালনা করে ৬৪জন অবৈধ দখলদারের ১৬৮টি অবৈধ সেমি পাকা ঘর, দোকান, ৩টি বসতি কলোনি উচ্ছেদ করে। গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহবুবু উল করিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১৬৮ টি অবৈধ সেমি পাকা ঘর, দোকান, ৩ টি কলোনি উচ্ছেদ করে শূন্য দশমিক ২৪ একর জমি উদ্ধার করা হয়।
জানা যায়, গত ৩ আগস্ট দুদকের গণশুনানিতে অভিযোগ উঠে রেলওয়ের হিসাব রক্ষক (পাহাড়তলী/সংস্থাপন) মো. শাহাদাত হোসেন রুমেলের আইস ফ্যাক্টরি রোডের রেলওয়ে কলোনিতে বাসা নম্বর টি/৭৫ সংলগ্ন এলাকায় গড়ে তোলা বেশ কিছু অবৈধ দোকান পাট ও বাসা বাড়ি নিয়ে। এ অভিযোগের প্রেক্ষিতে আইস ফ্যাক্টরি রোডে অভিযান পরিচালনা করে রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে সেনা জিপ খাদে নিহত ১
পরবর্তী নিবন্ধইভটিজার আটকের জেরে ইউপি কার্যালয়ে হামলার ঘটনায় মামলা