রেলিংয়ে দাঁড়িয়ে আম পাড়ার চেষ্টা, পা পিছলে রড বিঁধে শিশুর মৃত্যু

মীরসরাই প্রতিনিধি | বুধবার , ৮ এপ্রিল, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে আম পাড়তে গিয়ে পা পিছলে কলামের রডের ওপর পড়ে মাশরুর ওয়াসিফ রায়ান () নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার মিঠানালা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত মাশরুর ওই ইউনিয়নের সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসা সংলগ্ন হাজী বদরুল আলমের বাড়ির মুসলিম উদ্দিনের বড় ছেলে। সে স্থানীয় সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ভবনের ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে আম পাড়ার চেষ্টা করছিল মাশরুর। একপর্যায়ে পা পিছলে সে নির্মাণাধীন কলামের ওপর পড়ে যায়। এতে কলামের রড তার শরীরের ভেতর ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মিঠাছড়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদুল করিম জানান, সন্ধ্যায় শিশুটিকে হাসপাতালে আনা হয়। তার পায়ুপথ দিয়ে পেটে রড ঢুকে গিয়েছিল। তাৎক্ষণিকভাবে ইসিজি করে তার হৃৎস্পন্দন পাওয়া যায়নি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাফায়েত শিশুটিকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক সাফায়েত বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তার শরীরে রড ঢোকার গুরুতর জখম ছিল।

পূর্ববর্তী নিবন্ধদিল্লিতে পররাষ্ট্রমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় দুই বাইকের সংঘর্ষ, প্রাণ গেল একজনের